Homeসারাদেশ‘আওয়ামী লীগের নাশকতা’ প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

‘আওয়ামী লীগের নাশকতা’ প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ বৃহস্পতিবার ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা ১১ দল রাজপথে আছি। অব্যাহতভাবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’

মামুনুল হক বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে নিজেদের পরিচয় আবারও তুলে ধরছে।

এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছিলেন ১১ দলের নেতারা। বৈঠক থেকে তারা জাতিকে ইস্পাতকঠিন ঐক্যের বার্তা দিতে চান উল্লেখ করে মামুনুল হক বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়নকদের অপতৎপরতা রুখতে হবে।

মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

তিনি বলেন, জুলাই সনদ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নই ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তা কার্যকর না করাই ঐক্যে ফাটল সৃষ্টির অন্যতম কারণ।

১১ দলের এই নেতা জানান, গণভোটের রায় কার্যকর করা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তারা গুরুত্ব দিচ্ছেন।

সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে প্রাথমিক সাড়া দিয়েছেন। তবে জাতীয় ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।

তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করার অবস্থান থেকে সরকার সরে আসবে বলে তারা আশা করেন। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সরকারও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।

১১ দলের সাত দফা দাবি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে মামুনুল হক বলেন, ‘আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি। আমরা এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত শক্তি ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি।’

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় ১১ দল পর্যায়ক্রমে তাদের কর্মসূচি ঘোষণা করবে। জোটগতভাবে ও দলীয়ভাবে তারা মাঠে থাকবে।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এতে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

এর আগে গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় এ ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

একই অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও নির্বাচনের আগের ঐক্যবদ্ধ অবস্থানে ফিরে আসার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular