Homeআন্তর্জাতিকআদালতে যেভাবে প্রমাণিত হয় ‘গণহত্যা’

আদালতে যেভাবে প্রমাণিত হয় ‘গণহত্যা’

মিয়ানমার ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো গণহত্যা নিয়ে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।

রায়টি নিয়ে রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়, আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। আদালতে এটি কীভাবে প্রমাণিত হয় এবং এর আইনি দিকগুলো কী, তা নিচে বিস্তারিত জানানো হয়েছে প্রতিবেদনে।

গণহত্যা কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ইহুদি নিধনের পর আন্তর্জাতিক আইনে গণহত্যার একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত অপরাধই হলো গণহত্যা।

সনদ অনুযায়ী পাঁচটি অপরাধকে গণহত্যার অন্তর্ভুক্ত ধরা হয়:

কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের হত্যা করা; তাদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করা; পুরো গোষ্ঠীকে ধ্বংসের লক্ষ্যে পরিকল্পিতভাবে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা; সন্তান জন্মদানে বাধা দেওয়া; এবং এক গোষ্ঠীর শিশুদের জোর করে অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।

হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে খুব কম ঘটনায় গণহত্যা প্রমাণিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় খমের রুজদের হাতে সংখ্যালঘু চাম ও ভিয়েতনামি নিধন (প্রায় ১৭ লাখ মানুষ মারা যান), ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুতসি নিধন এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনা।

যেভাবে গণহত্যা প্রমাণ হয়

কোনো রাষ্ট্র বা ব্যক্তি গণহত্যা চালিয়েছে কি না, তা নির্ধারণে আদালতকে দুটি বিষয় নিশ্চিত হতে হয়। প্রথমত, সনদে উল্লেখিত পাঁচটি অপরাধের অন্তত একটি ঘটেছে কি না। দ্বিতীয়ত, ভুক্তভোগীরা নির্দিষ্ট কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর অংশ ছিল কি না।

যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের তুলনায় গণহত্যা প্রমাণ করা বেশি কঠিন। কারণ, এ ক্ষেত্রে নির্দিষ্ট উদ্দেশ্য বা ‘সুনির্দিষ্ট মনোভাব’ (ইনটেন্ট) প্রমাণ করতে হয়। সরাসরি কোনো বক্তব্য বা আদেশের মাধ্যমে এটি প্রমাণ করা যায়। আবার অপরাধ সংঘটনের ধারাবাহিক ধরন বিশ্লেষণ করেও এই উদ্দেশ্য শনাক্ত করা যেতে পারে।

অতীতে যেভাবে গণহত্যা প্রমাণিত হয়েছে

আইসিজে এর আগে ১৯৯০-এর দশকে বলকান যুদ্ধের দুটি ঘটনায় গণহত্যার মামলা নিষ্পন্ন করেছে। ২০০৭ সালে আদালত জানান, সার্বিয়া সরাসরি গণহত্যা করেনি; তবে স্রেব্রেনিৎসায় বসনিয়ান সার্ব বাহিনীর গণহত্যা ঠেকাতে ও তাদের শাস্তি দিতে ব্যর্থ হয়ে সনদ লঙ্ঘন করেছে। আর ২০১৫ সালের রায়ে আদালত বলেন, ক্রোয়েশিয়ায় গণহত্যা সংঘটিত হয়নি।

তবে জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনালে রুয়ান্ডা ও বসনিয়ায় গণহত্যার দায়ে কয়েক ডজন অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়। এ ছাড়া ২০১৮ সালে জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথ ট্রাইব্যুনাল খমের রুজের দুই শীর্ষ নেতাকে গণহত্যার দায়ে দণ্ড দেন।

মিয়ানমারে যা ঘটেছিল

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সেখানে নির্বিচারে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আদালতে এসব ঘটনার বিবরণ দেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর এবং গাজায় ইসরায়েলের চালানো অভিযান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে গণহত্যার আলামত পাওয়ার কথা বলা হয়। তবে উভয় দেশই এই তদন্তের আইনি ভিত্তি অস্বীকার করেছে।

গাজা নিয়ে মামলায় মিয়ানমার রায়ের প্রভাব

২০২৩ সালে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা ফিলিস্তিনিদের নয়, হামাসকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। এই মামলার চূড়ান্ত রায় ২০২৯ সালের আগে আসার সম্ভাবনা নেই। তবে আইন বিশেষজ্ঞরা মিয়ানমার মামলার রায়ের দিকে বিশেষ নজর রাখছিলেন।

মিয়ানমারবিষয়ক রায়ে আদালত জানান, হাজার হাজার মানুষ হত্যা, শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া ও ব্যাপক যৌন সহিংসতা গণহত্যার শামিল। আদালত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারকে।

মিয়ানমার আদালতে দাবি করেছিল, তাদের অভিযান ছিল নির্দিষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে, পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। একইভাবে ইসরায়েলও দাবি করছে, তাদের অভিযান কেবল হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়।

RELATED ARTICLES

Most Popular