Homeআন্তর্জাতিকএআইয়ের ওপর কোনো বৈশ্বিক নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এআইয়ের ওপর কোনো বৈশ্বিক নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর যেকোনো ধরনের বৈশ্বিক নিয়ন্ত্রণ বা বিধিনিষেধের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র।

চীনের শেনজেনে আজ বৃহস্পতিবার এপেক সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই এআই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, তাদের বৈঠকে এআই প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উঠবে।

সম্মেলনে ট্রাম্প বলেন, এআই ‘সুপার ইন্টেলিজেন্স’ হলেও এর ওপর নজর রাখতে হবে। তবে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ বা এর অগ্রগতি থামিয়ে দেওয়ার মতো কোনো বৈশ্বিক বিধিনিষেধ যুক্তরাষ্ট্র মেনে নেবে না এবং এমন কিছু হতেও দেবে না।

বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে শেনজেনের কিলিন ভিলা রিসোর্টে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ইউক্রেন ও ইরান যুদ্ধ এবং বাণিজ্যের পাশাপাশি এই বৈঠকে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে সম্মেলনের মূল অধিবেশনে দেওয়া বক্তব্যে শি জিনপিং মুক্ত বাণিজ্যের পাশাপাশি তথ্য ব্যবস্থাপনার (ডেটা গভর্ন্যান্স) ওপর গুরুত্ব দেন। আর বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এ অঞ্চলের অংশীদারদের সঙ্গে এআই ও প্রযুক্তিগত অভিজ্ঞতা ভাগাভাগি করতে প্রস্তুত মস্কো।

এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি এনভিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি উন্নত এআই চিপ চীনে রপ্তানির ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এআই প্রযুক্তি নিয়ে দুই দেশের এই টানাপোড়েনের মধ্যেই বৈশ্বিক নিয়ন্ত্রণের বিরোধিতা করে মন্তব্য করলেন ট্রাম্প।

RELATED ARTICLES

Most Popular