ডান পা ঠিকঠাক বাঁকাতে পারেন না রোহিঙ্গা তরুণ সাদেক হোসেন। ২০১৭ সালে মিয়ানমারে সেনা অভিযানের মুখে পালিয়ে আসার সময় তার হাঁটুতে গুলি লেগেছিল।
এখন জীবিকার তাগিদে সাদেক উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশপথ থেকে প্রধান সড়ক পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালান। পা সোজা রেখেই তাকে চালকের আসনে বসে থাকতে হয়।
সাদেক জানান, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের বুথিডংয়ে তাদের গ্রামে আগুন ধরিয়ে দিলে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হন। পালানোর সময় একটি গুলি তার ডান পায়ে লাগে। পরে তার স্বজনরা তাকে কাঁধে করে পুরো পথ পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন।
তিনি জানান, সেই সহিংসতার সময় তার চাচা ও চাচাতো ভাইবোনসহ এলাকার অনেক মানুষকে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা করেছিল।
এই তরুণ বলেন, ‘গুলিটি এখনো আমার পায়ের ভেতরে রয়ে গেছে। মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হয়। আমার ডান পা প্রায় অকেজো হয়ে গেছে।’
আজ বৃহস্পতিবার উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পে এই প্রতিবেদকের সঙ্গে সাদেকের যখন কথা হচ্ছিল, তখন কাছেই বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার কার্যক্রম দেখছিলেন হাজারো রোহিঙ্গা শরণার্থী।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে—আদালতের এই চূড়ান্ত রায়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতা করতালি ও আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন।
রায়টি ইংরেজিতে হওয়ায় সাদেক পুরোপুরি বুঝতে পারেননি। তবে তার বিশ্বাস, মিয়ানমার সেনাবাহিনীর চালানো হত্যাকাণ্ড, নিপীড়ন, অগ্নিসংযোগ ও অন্যান্য বর্বরতার ন্যায়বিচার পাওয়ার পথে এই রায় তাদের আরও এগিয়ে দিয়েছে।
রোহিঙ্গা এই তরুণ জানান, তিনি যে নিপীড়নের শিকার হয়েছিলেন, সে বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা আগে তার জবানবন্দি রেকর্ড করেছিলেন।
সাদেকের মতো হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর মনে আইসিজের এই রায় ন্যায়বিচার ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।
উখিয়ার জামতলী ক্যাম্পে সিআইসি কার্যালয়ের পাশে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) তাদের অফিস প্রাঙ্গণে বড় পর্দায় আদালতের রায় ঘোষণার কার্যক্রম সম্প্রচারের আয়োজন করে।
নিজেদের সম্প্রদায়ের ওপর হওয়া নৃশংসতার বিষয়ে আদালতের সিদ্ধান্ত শুনতে দুপুর থেকেই রোহিঙ্গা শরণার্থীরা আগ্রহভরে জড়ো হতে থাকায় প্রাঙ্গণটি পরিপূর্ণ হয়ে ওঠে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে আদালতের স্বীকৃতির কথা জানতে পেরে অনেকেই করতালি দেন এবং আনন্দ প্রকাশ করেন। ইউসিআর নেতারা শরণার্থীদের নিজস্ব ভাষায় এই রায় এবং এর তাৎপর্য বুঝিয়ে বলেন।
রায় শোনার সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কয়েকজন শরণার্থী বলেন, ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইনে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল এবং এখন তা প্রমাণিত হয়েছে।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ ন্যায়বিচারের সংগ্রামে রোহিঙ্গাদের পাশে থাকার জন্য বাংলাদেশ, গাম্বিয়া, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা যেন মিয়ানমারে ফিরে যেতে পারি, সেজন্য বাংলাদেশকে এখন উদ্যোগ নিতে হবে। সেখানে আমাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।’
তিনি রোহিঙ্গাদের নিজেদের সম্প্রদায়কে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশে ফেরার অধিকার এগিয়ে নিতে এই রায়কে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
সৈয়দ উল্লাহ বলেন, ‘আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে এবং প্রত্যাবাসনের পথ প্রশস্ত করতে এই রায়কে কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো হত্যা, লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতাগুলো এই রায়ে স্বীকৃতি পেয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। আজ আমরা আনন্দিত। এই রায় আমাদের ন্যায়বিচার পাওয়ার আশাকে আরও জোরদার করেছে।’
জামতলী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, এই রায় তাদের জন্য আনন্দ বয়ে এনেছে ঠিকই, তবে কবে তারা বাড়ি ফিরতে পারবেন সে বিষয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
তিনি বলেন, ‘আমরা আজ খুশি। কিন্তু আমরা আদৌ কখনো বাড়ি ফিরতে পারব কি না তা জানি না। যেদিন আমরা নিরাপদে এবং মাথা উঁচু করে নিজেদের দেশে ফিরতে পারব, সেদিনই আমরা প্রকৃত অর্থে খুশি হব।’
২০১৭ সালের সামরিক অভিযানে স্বজন হারানো ও আহত হওয়া সাদেক বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন নিয়ে যখন আমরা মাথা উঁচু করে আমাদের মাতৃভূমিতে ফিরতে পারব, কেবল তখনই স্বজন হারানোর বেদনা আর পা অকেজো হয়ে যাওয়ার যন্ত্রণা কিছুটা প্রশমিত হবে।’
রোহিঙ্গারা আশা করেন, আইসিজের এই রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে জাগ্রত করবে এবং তাদের ওপর হওয়া নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ বাড়াবে।
তারা আরও আশা করেন, অব্যাহত আন্তর্জাতিক চাপের ফলে শেষ পর্যন্ত মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে এবং এর মধ্য দিয়েই স্বেচ্ছায় ও নিরাপদে নিজ দেশে ফেরার পথ প্রশস্ত হবে।
