কয়েক দিনের সহিংসতা ও সড়ক অবরোধের পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় ৩৬ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে রেল চলাচল এখনও বন্ধ। নতুন করে সহিংসতার কোনো খবরও পাওয়া যায়নি।
গত বুধবার সন্ধ্যা থেকে সহিংসতা ও সড়কে গাছ ফেলে অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়কে আবার বাস চলাচল শুরু হয়।
গোপালগঞ্জের ট্রাফিক ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকালে ব্যারিকেড ও গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপক মিলন শেখ ডেইলি স্টারকে বলেন, ‘ভোর থেকেই আমাদের পরিবহনের কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে যাত্রীর সংখ্যা কম।’
এদিকে রাত থেকে জেলায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে গত কয়েক দিনের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাত থেকে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি আরও কম ছিল। কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। ওষুধ ও কাঁচাবাজারের কিছু দোকান খুললেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে সড়কে মানুষের উপস্থিতি ছিল কম। অল্পসংখ্যক রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন ছিল খুবই কম।
গত কয়েক দিনের সহিংসতার প্রভাব ও আতঙ্কে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা।
নবীনবাগ এলাকার মুদি দোকানদার ফিরোজ আহমেদ বলেন, ‘দোকান খুলেছি, তবে কিছুটা আতঙ্কের মধ্যে আছি। কখন কী ঘটে, সেই ভয় কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন ধরে বেচাকেনা নেই একেবারেই। আজও শহরে মানুষের উপস্থিতি বলতে গেলে নেই।’
