Homeস্পোর্টসনিকো পাজের ঝলক, কোস্টারিকাকে ৭ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

নিকো পাজের ঝলক, কোস্টারিকাকে ৭ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

উদীয়মান তারকা নিকো পাজের জোড়া গোলে কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করে জয়ে ফিরল আর্জেন্টিনা। মঙ্গলবার কর্দোবায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই বিশাল জয় পায় আলবিসেলেস্তেরা।

ইতালির ক্লাব কোমোতে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রথমার্ধেই দৃষ্টিনন্দন দুটি গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। গুঞ্জন রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মাউরিসিও পচেত্তিনোর পছন্দের তালিকায় রয়েছেন তিনি। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়েও জোড়া গোল করেছিলেন ২২ বছর বয়সী এই তরুণ।

মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই জোরালো শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাজ। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেস।

এরপরই ম্যাচের সেরা গোলটি করেন পাজ। মাঝমাঠ থেকে বল পেয়ে কোস্টারিকার বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষের রক্ষণভাগকে বিভ্রান্ত করে টপ কর্নার দিয়ে বল জালে জড়ান পাজ।

৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন আলভারেস। কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক সিকেইরাকে পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে নেওয়া তার জোরালো শটটি জালের ওপরের অংশে আছড়ে পড়ে।

গত শুক্রবার বুয়েনস আইরেসে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই হারের ক্ষত ভুলে কোস্টারিকার বিপক্ষে একতরফা এই ম্যাচে প্রথমার্ধে পাজের অসাধারণ নৈপুণ্যই ছিল মূল আকর্ষণ।

বিরতির পর পাজকে তুলে নিয়ে ১৯ বছর বয়সী ফিওরেন্তিনা ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা যে নতুন প্রজন্মের দল গড়ছে, মাস্তানতুয়োনো তার অন্যতম সদস্য।

মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় গোল করে স্কোরলাইন ৫-০ করেন এই তরুণ। ৭৮তম মিনিটে লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের দলের ষষ্ঠ গোলটি করেন। আর নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে নিচু জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি পূর্ণ করেন মাস্তানতুয়োনো।

 

RELATED ARTICLES

Most Popular