Homeস্পোর্টসএমবাপের পর ইয়ামালেরও পেনাল্টি মিস, দুই গোলে পিছিয়েও বার্সার অবিশ্বাস্য জয়

এমবাপের পর ইয়ামালেরও পেনাল্টি মিস, দুই গোলে পিছিয়েও বার্সার অবিশ্বাস্য জয়

আগের দিন কিলিয়ান এমবাপে, পরদিন লামিন ইয়ামাল। স্প্যানিশ লা লিগায় টানা দুই দিনে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই তারকা। শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছিলেন রিয়াল মাদ্রিদ। রোববার সেই একই অভিজ্ঞতা হলো বার্সেলোনার ইয়ামালেরও। তবে তার দলের পরিস্থিতি ছিল আরও কঠিন।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে মাত্র সাত মিনিটেই দুই গোল হজম, এরপর পেনাল্টি থেকেও গোল করতে না পারা। এমন বিপর্যয়ের পরও হাল ছাড়েনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল।

এদিন বার্সেলোনার শুরুটা ছিল রীতিমতো দুঃস্বপ্নের। ম্যাচের বয়স পাঁচ মিনিট হতেই গোল হজম করে বসে স্বাগতিকেরা। সপ্তম মিনিটে আসে দ্বিতীয় ধাক্কা। দুই গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই স্প্যানিশ তারকা। প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সেলোনা।

বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে জেরার্দ মার্তিনের গোলে শুরু হয় প্রত্যাবর্তন। চার মিনিট পর সমতা ফেরান ফের্মিন লোপেজ। ৬৭ মিনিটে ভিয়ারিয়ালের পাউ নাভারোর আত্মঘাতী গোলে পূর্ণতা পায় বার্সেলোনার অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প।

এর আগে শনিবার নিজেদের মাঠে সেল্তা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে প্রথমার্ধে পেনাল্টির সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু তার শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। যদিও শেষ পর্যন্ত জুড বেলিংহাম ও কার্লোস এসপির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। পেনাল্টি মিসের পরও তাই বড় মূল্য দিতে হয়নি ফরাসি তারকাকে।

এক দিন পর ইয়ামালের পেনাল্টি মিসেও একই পরিণতি হলো না বার্সেলোনার। অন্তত প্রথমার্ধ পর্যন্ত মনে হচ্ছিল, বড় মূল্যই দিতে হতে পারে তাকে। কারণ, পেনাল্টি পাওয়ার আগেই দুই গোল হজম করেছিল ফ্লিকের দল।

ম্যাচের পঞ্চম মিনিটে বার্সেলোনার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন তাজন বুকানান। মাঝমাঠে ফের্মিন লোপেজের ঝুঁকিপূর্ণ আড়াআড়ি পাস প্রতিপক্ষের হাতে চলে গেলে বল পান বুকানান। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান কানাডিয়ান এই ফরোয়ার্ড।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই আবার গোল হজম করে বার্সেলোনা। সপ্তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুওয়াসেই। আলবার্তো মোলেইরোর পাস ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে এসে জোরালো শটে বল জালে পাঠান তিনি। গোলরক্ষক হুয়ান গার্সিয়ার কিছুই করার ছিল না।

শুরুতেই দুই গোল হজমের পর বার্সেলোনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ম্যাচে ফেরা। ভিয়ারিয়ালও দুই গোলের সুবিধা নিয়ে নিজেদের রক্ষণ শক্ত করে ফেলে। বলের দখল নিয়ে আক্রমণের চেষ্টা করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না বার্সেলোনা।

এর মধ্যেই ১৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেন ইয়ামাল। বক্সের ভেতরে তাকে ফাউল করেন ভিয়ারিয়ালের দ্বিতীয় গোলদাতা ওলুওয়াসেই। ভিএআরের পরামর্শে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ।

২৩ মিনিটে সেই পেনাল্টি নিতে এগিয়ে আসেন ইয়ামাল। কিন্তু তার বাঁ পায়ের শট ডান পাশের পোস্টে লেগে ফিরে আসে। ব্যবধান কমানোর সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া হয়ে যায় বার্সেলোনার।

পেনাল্টি মিসের পরও অবশ্য আক্রমণের চেষ্টা চালিয়ে যান ইয়ামাল। মাঝমাঠ থেকে পেদ্রিও একের পর এক আক্রমণ গড়ে তুলছিলেন। কিন্তু ভিয়ারিয়ালের রক্ষণ এবং গোলরক্ষক পেতের গুলাচিকে পরাস্ত করা যাচ্ছিল না। ফলে দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর যেন অন্য এক বার্সেলোনাকে দেখা যায়। শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিকেরা। পেদ্রির নেতৃত্বে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্লিকের দল।

৫৩ মিনিটে ফের্মিনের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গুলাচি। কিছুক্ষণ পর জোয়াও কানসেলোর শটও ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। তবে বার্সেলোনার চাপ শেষ পর্যন্ত আর সামাল দিতে পারেনি সফরকারীরা। ৫৭ মিনিটে পেদ্রির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। সেই গোলের পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সেলোনা।

চার মিনিট পর সমতা ফেরায় স্বাগতিকেরা। এবার গোলের কারিগর পেনাল্টি মিস করা ইয়ামাল। তাঁর বাড়ানো বল ধরে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ফের্মিন। প্রথমার্ধে যে ফের্মিনের ভুলে গোল হজম করেছিল বার্সেলোনা, সেই ফের্মিনই এবার দলকে সমতায় ফেরান।

মাত্র চার মিনিটে দুই গোল করে ম্যাচে ফিরে আসা বার্সেলোনা তখন জয়ের জন্য মরিয়া। আক্রমণের ধারও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৬৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত তৃতীয় গোল।

এই গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। তাঁর শুরু করা আক্রমণে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে বল বাড়ান এরিক গার্সিয়া। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো।

প্রথম সাত মিনিটে দুই গোল হজম করা বার্সেলোনা এভাবেই দ্বিতীয়ার্ধের মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।

এরপরও অবশ্য ম্যাচে উত্তেজনা ছিল। ভিয়ারিয়াল সমতায় ফেরার চেষ্টা করেছে। অন্যদিকে বার্সেলোনা চেয়েছে বলের দখল ধরে রেখে ম্যাচ শেষ করতে। শেষ দিকে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেরার্দ মার্তিন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল ফ্লিকের দল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

RELATED ARTICLES

Most Popular