Homeসারাদেশগণঅভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে ছদ্মবেশে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে ছদ্মবেশে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকলের সর্দার বাড়ি এলাকার আবু তালেবের ছেলে।

মাসুদ পারভেজ বলেন, গতকাল রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ২০০৯ সালের নভেম্বরে চন্দনাইশ থানায় করা একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবু মোকারম। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

এতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাবন্দিরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে সীমানাপ্রাচীর টপকে তারা পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

এসআরবি-১১ এর অধিনায়ক বলেন, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

মামলার নথির বরাতে এসআরবি জানায়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে দেন।

RELATED ARTICLES

Most Popular