বিরোধের জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।
কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্যের বরাতে আজ বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দেশটির আদালত এ রায় দেন। ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কৌঁসুলিরা জানান, নিহত ব্যক্তি আসামির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও সেগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানান।
আসামি আদালতকে জানান, তার বন্ধু তার স্ত্রীর সম্মতি ছাড়াই তাদের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন। তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর তিনি বন্ধুকে বারবার ছবিগুলো ডিলিট করার অনুরোধ করেন।
আসামি বলেন, তার বন্ধু আগের ছবিগুলোও ডিলিট করেননি, বরং পরে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার টানপোড়েন বেড়ে যায়।
তিনি আদালতকে বলেন, এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন।
কৌঁসুলিরা জানান, আসামি একটি ছুরি দিয়ে হত্যার পরিকল্পনা করেন এবং তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছেন নিশ্চিত হওয়ার পর বাইরে কাছাকাছি জায়গায় অপেক্ষা করতে থাকেন। ভুক্তভোগী বাইরে বেরিয়ে এলে আসামি তার ওপর হামলা চালান এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন।
আদালতের কার্যক্রম চলাকালে আসামি অভিযোগ স্বীকার করে নেন।
