গোপালগঞ্জে চলাচলকারী বা জেলার ওপর দিয়ে যাওয়া দুটি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। অন্য দুটি ট্রেনের রুটও সংক্ষিপ্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে গোপালগঞ্জ ও আশপাশের স্টেশন থেকে নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়।
এ সিদ্ধান্তের আওতায় পড়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, ঢাকা-গোপালগঞ্জ রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেন অভিযাত্রী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও রাজবাড়ী-গোবরা লোকাল বা রাজবাড়ী মেইল।
গোপালগঞ্জ হয়ে খুলনা-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস বুধবার খুলনা থেকে ঢাকায় আসে। তবে বেনাপোলের উদ্দেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনটি আটকে দেওয়া হয়।
মোশাররফ হোসেন বলেন, গোপালগঞ্জ ও নড়াইলে নিরাপত্তা পরিস্থিতির কারণে আজও ট্রেনটির চলাচল বন্ধ ছিল।
এদিকে, ঢাকা-গোপালগঞ্জ রুটে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ের একটি সূত্র জানায়, গতকাল যাত্রীদের অনুরোধে ট্রেনটি ভাঙ্গায় থামিয়ে পরে কাশিয়ানীর দিকে নেওয়া হয়। পরে সেটি ঢাকায় ফিরে আসে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজশাহী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস গতকাল রাজবাড়ীর কালুখালীর পর আর যেতে পারেনি। সেখান থেকেই ট্রেনটি ফিরে আসে।
কালুখালী হয়ে চলাচলকারী রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেনটিও আপাতত কালুখালী পর্যন্ত চলাচল করবে।
রেলওয়ের সূত্রগুলোর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্টেশনে হুমকি দিয়েছেন। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে নিয়মিত ট্রেন চলাচল আবার শুরু হবে।
