সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করে কয়েক দিন আগেই ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ তারকা। অথচ এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসরের পরের ম্যাচে খেলবেন না তিনি। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তান সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
আজ সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাখতাকোরের মুখোমুখি হবে আল-নাসর। সেই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি রোনালদোকে। তার পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে ফরাসি উইঙ্গার কিংসলে কোমান ও ডিফেন্ডার মোহাম্মদ সিমাকানকেও।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিন ফুটবলারকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন আল নাসরের অস্ট্রেলিয়ান কোচ পোস্তেকোগলু, ‘ম্যাচের চাপ এবং বারবার দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে রোনালদো, কোমান ও সিমাকানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রোনালদোর অনুপস্থিতি অবশ্য আল নাসরের জন্য বড় ধাক্কা। কারণ, সৌদি প্রো লিগে গত সপ্তাহেই আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তাঁর তিন গোলে ম্যাচটি ৫-৩ ব্যবধানে জিতেছিল আল নাসর।
সেই হ্যাটট্রিকে রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ১৫ গোল। তবে আপাতত সেই লক্ষ্যে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।
এদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসরের অবস্থাও খুব একটা ভালো নয়। পশ্চিমাঞ্চলের ১৬ দলের মধ্যে নবম স্থানে রয়েছে সৌদি ক্লাবটি। পরের পর্বে উঠতে হলে শীর্ষ আটে জায়গা করে নিতে হবে তাদের। এমন পরিস্থিতিতে পাখতাকোরের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ হলেও দলের প্রধান তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পোস্তেকোগলু।
আল-নাসর কোচ অবশ্য দলের সাম্প্রতিক উন্নতিতে সন্তুষ্ট। তিনি বলেন, ‘মৌসুমের শুরুটা কঠিন ছিল। প্রস্তুতির পরিস্থিতিও আদর্শ ছিল না। তবে এখন আমরা অনেক ভালো অবস্থায় পৌঁছেছি।’
রোনালদোর উজবেকিস্তান সফরে না যাওয়ার খবরটি এমন সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এশিয়ান ফুটবলে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াসলের বিপক্ষে আল নাসরের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ স্থগিত করা হয়েছিল। নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদে সফর করতে অস্বীকৃতি জানায় আমিরাতের ক্লাবটি।
এর আগে ১২ অক্টোবর আল-নাসরের আরেকটি ঘরের মাঠের ম্যাচও প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
