রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আরিফুর রহমান (৪০) ও ফালু (৫৫)। তারা পোস্তগোলার ভাঙারি দোকানে কাজ করতেন।
দুর্ঘটনার পর আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চায়ের দোকানদার আবুল হাসান। গণমাধ্যমকর্মীদের তিনি জানান, আরিফুর মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসেছিলেন ফালু। বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় ফালু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরিফুর। হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।
পোস্তগোলার ভাঙারি ব্যবসায়ী ফজলে রাব্বী জানান, একজন ফোনে তাকে দুর্ঘটনার তথ্য জানান। আরিফুর তার দোকান মিতু এন্টারপ্রাইজে কাজ করতেন। ফালু পাশের ভাঙারি দোকানের কর্মচারী। পুরাতন মালামাল কেনার উদ্দেশ্যে তারা গাজীপুরের টঙ্গীতে যাচ্ছিলেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।
‘কাভার্ডভ্যান ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ বলেন তিনি।
