Homeসারাদেশমুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত জাহেদ বেপারীর (৫০) বাড়ি উপজেলার চরকেওয়ার ইউনিয়নে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত রাতে জাহেদ তার বাড়ির পাশে মাজারের একটি কামরায় অবস্থান করছিলেন। সে সময় একই এলাকার বাসিন্দা ফরিদ বেপারী ধারালো অস্ত্র হাতে ওই কামরায় ঢুকে জাহেদকে কুপিয়ে জখম করেন। উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানিয়েছে, সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাহেদকে ঢাকায় পাঠানো হয়।

ফরিদ বেপারীকে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ, জানিয়েছেন তছলিম উদ্দিন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular