Homeস্পোর্টসশেষ সেশনে বাংলাদেশকে খেলায় ফেরালেন তাইজুল-মিরাজ

শেষ সেশনে বাংলাদেশকে খেলায় ফেরালেন তাইজুল-মিরাজ

দিনের বেশিরভাগটাই বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম সেশনে অল্প রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও শুরুটা ভালো হয়নি। তবে শেষ সেশনে এসে ঘূর্ণি বলে আলোর রেখা দেখা যাচ্ছে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দ্রুত ৩ উইকেট ফেলে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন।

বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ থেকে এখনো তারা পিছিয়ে ১৩৮ রানে। ১৪৫ বলে ৪৩ করে ক্রিজ আঁকড়ে পড়ে আছেন ত্যাগনারায়ন চন্দরপল। তার সঙ্গে ২২ বলে ১৫ রান করে অপরাজিত জাস্টিন গ্রেইভস। দ্রুত তিন উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের।

চা-বিরতির ঠিক আগে আলোকস্বল্পতায় যখন খেলা বন্ধ হয় তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৯। চা-বিরতির সময় নামা বৃষ্টিতে খেলা এরপর বন্ধ থাকে ঘণ্টাখানেক।

বিরতির পর নেমে মোমেন্টাম হারায় সফরকারীরা। দুই জীবন পেয়ে ফিফটি করে বিপদের আভাস দেওয়া জন ক্যাম্পবেলকে স্লিপে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচ বানান মিরাজ। এরপর তাইজুলের জোড়া ছোবল। কেভাম হজ ক্যাচ দেন সিলি পয়েন্টে, চমৎকার রিফ্লেক্সে তা লুফেন মুমিনুল হক।

আমির জাঙ্গু এসে উইকেটের অসমান বাউন্স দেখে হকচকিয়ে যান। মুখোমুখি দ্বিতীয় বলেই সুইপ করতে গিয়ে ধরা দেন স্কয়ার লেগে। ১ উইকেটে ৯০ থেকে ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর চন্দরপল-গ্রিভস মিলে আর কোনো বিপর্যয়ে পড়তে দেননি তাদের দলকে। দুই দিন মিলে ৩৫ ওভারের বেশি কম খেলা হয়েছে আলোকস্বল্পতা ও বৃষ্টি মিলিয়ে। এদিনও আলো থাকলে আরেকটু খেলা চালিয়ে যেতেন আম্পায়াররা।

৩ উইকেটে ২১৩ রান নিয়ে নেমে প্রথম সেশনেই ৫৯ রানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। নাটকীয় ধসে বড় পুঁজির আশা হারিয়ে বল হাতে শুরুটা ছিলো হতাশার। এখনো জুতসই লিড পেতে বাংলাদেশের সামনে অপেক্ষা করছেন চ্যালেঞ্জ।

RELATED ARTICLES

Most Popular