ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লি দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলা যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত।
তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে।
গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনাকে সামরিক বাহিনীর মাধ্যমেই ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশকে।
২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সেনাবাহিনীর একটি উড়োজাহাজে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
নয়াদিল্লি থেকে করা ওই প্রতিবেদনে বলা হয়, দিল্লির সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটি।
প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
এ প্রক্রিয়া আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে গিয়েও সেনাবাহিনী তাকে ভেতরে নিতে পারে।
এর জন্য ‘লজিস্টিকাল’ প্রস্তুতি প্রয়োজন হলে ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্ত, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়। বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’
গণঅভ্যুত্থানের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দুবার তার প্রত্যর্পণ চেয়েছে। প্রথমবার ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে এবং দ্বিতীয়বার ২০২৫ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, চলতি বছরের এপ্রিলে এক দ্বিপাক্ষিক বৈঠকেও পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন। কিন্তু, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধে ভারত কোনো সাড়া দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গণমাধ্যমে প্রকাশিত শর্তগুলো সম্পর্কে ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি ঢাকা।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘রাজনৈতিকভাবে ভারত এ ধরনের কোনো অনুরোধ করেছে কি না, তা আমাদের জানা নেই। ২০২৪ সালে তিনি যখন বাংলাদেশ ছেড়েছিলেন, তখনো এ সংক্রান্ত আলোচনায় কূটনীতিকরা যুক্ত ছিলেন না।’
গতকাল নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গণমাধ্যমে প্রকাশিত ওই দুই শর্তের বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, ‘আমি প্রত্যর্পণকে আইনি বিষয় হিসেবে বলছি এবং প্রত্যর্পণের বিষয়টি সেভাবেই মোকাবিলা করা হবে। আপনার প্রশ্নের বাকি অংশ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান তাদের সরকারের ‘প্রতিবেশী প্রথম’ নীতির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে দেরি হওয়ায় দেশের ভেতরেও সমালোচনা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক ডেইলি স্টারকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়াদের প্রায় এক বছর হতে চলছে। কিন্তু এখনো তিনি প্রতিবেশী দেশ ভারতে সফর করেননি। বরং তিনি তুরস্ক, চীন ও পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছেন, যা নয়াদিল্লির জন্য অস্বস্তি তৈরি করছে।
এই কূটনীতিক আরও বলেন, তার (প্রধানমন্ত্রীর) সফর নির্ভর করবে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং কিছু শর্ত পূরণের ওপর।
তিনি বলেন, ‘হাসিনা দালাই লামা (ভারতে আশ্রয় নেওয়া তিব্বতের আধ্যাত্মিক নেতা) নন। তিনি বিপদে পড়ে ভারতে আশ্রয় চেয়েছিলেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু ভারত তাকে অনির্দিষ্টকালের জন্য রেখে দেওয়ার সামর্থ্য রাখে না।’
‘দেশে ফেরার বিষয়ে সম্ভাব্য সমঝোতায় পৌঁছাতে পর্দার আড়ালের চ্যানেল (ব্যাক চ্যানেল) ব্যবহার করে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে,’ বলেন তিনি।
এদিকে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর অধীনে অনুষ্ঠিত বৈঠকগুলোর কথা উল্লেখ করেন।
পরবর্তী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দুই দেশের সুবিধাজনক সময়ে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, ‘কারিগরি পর্যায়সহ বিদ্যমান এসব কাঠামোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে ভারত সর্বদা প্রস্তুত।’
