শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি পোশাক কারখানায় আজ কাজ বন্ধ রয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
পুলিশ সুপার জানান, শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৮টি কারখানা। এই ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে ধর্মঘটের কারণে মালিকপক্ষ তা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। এ ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পান না।
এ ছাড়া মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ১৭টি কারখানা। মৌখিকভাবে বন্ধ আছে ৫টি এবং সাধারণ ছুটি দেওয়া হয়েছে ৭টিতে। এর বাইরে সকালে কাজ শুরুর পর শ্রমিকেরা কাজ না করায় আরও ১২টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে আজ মোট ৫৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
এসপি বলেন, ‘কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। পরিস্থিতি এখন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। সংকট সমাধানে কারখানা মালিকদের সঙ্গে বিজিএমইএ আলোচনা করছে।’
শ্রমিকদের কাজে ফেরাতে বিকেল ৩টায় পুলিশ কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানান এসপি। সভায় গার্মেন্টস ফেডারেশনের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপার বলেন, আজ কোথাও কোনো ভাঙচুর বা ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। পরিবেশ পুরোপুরি শান্ত রয়েছে। যেসব কারখানায় কাজ হয়নি, সেখানকার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে গেছেন। জামগড়া ও কাঠগড়া এলাকার ছুটি ঘোষিত কারখানাগুলো ছাড়া অন্য সব কারখানায় কাজ চলছে। নরসিংহপুর এলাকার খোলা কারখানাগুলোতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।
