কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান বিজিবি-৪৯ যশোর ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় বিজিবি কমান্ডার অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো নেতাকর্মী বা সহযোগী যেন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন।
তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তপারের অন্যান্য অপরাধ ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেও উল্লেখ করেন তিনি। এ কাজে বিজিবিকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
পাশাপাশি সীমান্ত-সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান বিজিবির এই কর্মকর্তা।
সভায় যশোর ও বেনাপোলের বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় তারা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে নানা পরামর্শও দেন তারা।
এর আগে, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ কর্মকর্তাদের বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
