Homeসারাদেশবডি ওর্ন ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা, পড়ে আছে অধিকাংশই

বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা, পড়ে আছে অধিকাংশই

পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বডি ওর্ন ক্যামেরা (বডিক্যাম) ব্যবহারে অনীহা দেখাচ্ছেন বেশির ভাগ পুলিশ সদস্য।

একাধিকবার পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হলেও বডিক্যামের ব্যবহার বাড়েনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, শেষ পর্যন্ত ২০ হাজার ক্যামেরা কেনে পুলিশ। আগে থেকেই বাহিনীর কাছে ব্যবহারযোগ্য প্রায় ৫ হাজার ক্যামেরা ছিল।

অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কথোপকথন ও আচরণের রেকর্ড সংরক্ষণে এসব ক্যামেরা কেনা হয়। এগুলোর ব্যবহার পর্যবেক্ষণে পুলিশ সদর দপ্তরের অপারেশনস ইউনিটের অধীনে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারও স্থাপন করা হয়।

সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের বৈঠকগুলোতে নিয়মিত এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। জেলা ও মহানগর ইউনিটের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণের কথাও জানান, কিন্তু কোনো উন্নতি হয়নি।’

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে সংযুক্ত মাত্র ৩১৪টি বডিক্যাম ব্যবহার করা হয়েছে। একই সময়ে অফলাইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০টি।

অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান স্বীকার করেছেন, বড় আয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে বডিক্যামের ব্যবহার এখনো সীমিত।

‘আমরা এসব ক্যামেরার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছি। মহানগর এলাকার বাইরে মাঝে মাঝে ক্যামেরা ব্যবহার করা হয়, বিশেষ করে বড় ধর্মীয় উৎসব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে,’ বলেন তিনি।

পুলিশের কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের ক্যামেরা ব্যবহারে অনীহার কারণ হিসেবে জবাবদিহির উদ্বেগ, বাজেটের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সমস্যা ও কার্যক্রম পরিচালনার নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছেন।

ক্রাইম অ্যান্ড অপারেশনস উইংয়ের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম গত সেপ্টেম্বরে ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের বাহিনী জবাবদিহির আওতায় আসতে চায় না। আমরা বারবার নির্দেশনা দিয়েছি, কিন্তু তারা ক্যামেরা ব্যবহার করছে না।’

সম্প্রতি তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা উইংয়ে বদলি হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু সদস্য ক্যামেরা ব্যবহার করতে চান না। কারণ, এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও ঘুষ, অসদাচরণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে তাদের জবাবদিহির মুখে ফেলতে পারে।

রাজশাহী রেঞ্জের একজন পরিদর্শকও একই ধরনের মত দিয়েছেন। পাশাপাশি তিনি আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘জবাবদিহি নিশ্চিত করতে বডিক্যাম ভালো উদ্যোগ। কিন্তু ইন্টারনেটের খরচ কে দেবে?’

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন কেনা ক্যামেরার অর্ধেক অনলাইন ক্যামেরা। এগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থায় সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা যায়। বাকি ১০ হাজার অফলাইন ক্যামেরায় ভিডিও সংরক্ষণ করা হয়, যা পরে আপলোড করতে হয়।

ক্যামেরা কেনার পর পুলিশ সদর দপ্তর একটি মানসম্মত পরিচালনাপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করে। এতে কোন কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ক্যামেরা পরতে হবে, তা নির্দিষ্ট করা আছে।

নির্দেশনা অনুযায়ী, টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ ও দুর্ঘটনার ঘটনায় সাড়া দেওয়া, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার, তদন্ত, অপরাধস্থল পরিদর্শন ও জনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে এসব ক্যামেরা ব্যবহার করতে হবে।

নির্বাচনী প্রচার, প্রযোজ্য ক্ষেত্রে ভোটকেন্দ্র এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজনেও পুলিশের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য ক্যামেরাগুলো ব্যবহারের কথা রয়েছে।

সাবেক পুলিশপ্রধান বাহারুল আলম বলেন, প্রথমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাটি ক্যামেরা সরবরাহ করতে পারেনি।

পরে পুলিশ সদর দপ্তর জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারদের এসব ক্যামেরা কেনার জন্য অর্থ বরাদ্দ দেয়।

‘সঠিক পরিমাণটা মনে করতে পারছি না, তবে এগুলো বেশ দামি ক্যামেরা। ব্যয় অবশ্যই ১০০ কোটি টাকার বেশি হবে,’ বলেন বাহারুল আলম।

ক্যামেরার ব্যবহার সীমিত থাকার কারণ জানতে চাইলে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা অর্থসংকটের কথা জানান।

তিনি বলেন, ‘প্রতিটি ক্যামেরার ইন্টারনেট সংযোগে মাসে প্রায় এক হাজার টাকা প্রয়োজন হয়। এ খাতে আমাদের বাজেটের ঘাটতি রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন আয়োজনে ক্যামেরা ব্যবহার করা হয়। এ কারণেই এর ব্যবহার সীমিত।’

RELATED ARTICLES

Most Popular