পরিচিত মানুষের ছবি, নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, অশালীন বার্তা ও ব্যক্তিগত ছবি পাঠানোসহ নানা প্রতারণার ঘটনা এখন হরহামেশাই চারপাশে শুনতে পাই। এমনকি আপনি নিজেও হয়তো এর শিকার হয়েছেন।
কিন্তু, এর থেকে বাঁচাবেন কীভাবে? সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত, রিপোর্ট ও আইনি ব্যবস্থা নেওয়ার উপায় কী?
ধরুন, হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপে পরিচিত কোনো বন্ধু, সহকর্মী কিংবা আত্মীয়ের ছবি দেওয়া একটি নম্বর থেকে মেসেজ এলো। দু-একটা কথার পরই জরুরি প্রয়োজনের কথা বলে টাকা ধার চাইলো। পরিচিত মানুষের ছবি দেখে বিশ্বাস করে টাকাও পাঠিয়ে দিলেন। কিন্তু পরে জানতে পারলেন, যার ছবি দেখে টাকা পাঠিয়েছেন, তিনি আদৌ কোনো মেসেজ আপনাকে দেয়নি।
আবার একই কৌশলে কারও ছবি ও নাম ব্যবহার করে তার পরিচিত নারীদের পাঠানো হচ্ছে অশালীন বার্তা, অনাকাঙ্ক্ষিত ছবি কিংবা ব্যক্তিগত তথ্য। এতে একদিকে প্রতারণা বা হয়রানির শিকার হচ্ছেন বার্তা পাওয়া ব্যক্তিরা, অন্যদিকে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন সেই ব্যক্তি, যার পরিচয় ব্যবহার করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে সাধারণত একটি ফোন নম্বর প্রয়োজন হয়। অ্যাকাউন্টের প্রোফাইলে ছবি ও নাম যুক্ত করা যায়। যেকোনো ছবি যুক্ত করার সুযোগ থাকায় অন্য কোনো ব্যক্তির ছবি সংগ্রহ করে সেটা প্রোফাইলে ব্যবহার করতে পারে প্রতারক। এরপর সেই ব্যক্তির পরিচিতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরিচিত মানুষ ভেবে কেউ মেসেজের উত্তর দিলে শুরু হতে পারে প্রতারণার পরবর্তী ধাপ।
অনেক সময় প্রতারক দাবি করতে পারে, তার পুরোনো নম্বর বন্ধ হয়ে গেছে, ফোন হারিয়ে গেছে কিংবা নতুন নম্বর ব্যবহার করছে। এরপর জরুরি প্রয়োজনের কথা বলে টাকা চাওয়া হতে পারে।
কারও ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা এবং কারও প্রকৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক বা দখল করা এক বিষয় নয়। ছবি ও নাম ব্যবহার করে অ্রাকাউন্ট করার জন্য মূল অ্যাকাউন্ট হ্যাক করার প্রয়োজন হয় না।
প্রতারকরা সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্য, আগে থেকে সংগ্রহ করা নম্বর কিংবা অন্য কোনো উৎস থেকে তথ্য নিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারে।
নাট্যনির্মাতা ও টেলিভিশন প্রযোজক নাজমুল রনি দ্য ডেইলি স্টারকে জানান, তার ছবি ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রতারণার অভিযোগ উঠেছে। তার নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে পরিচিতদের কাছে টাকা দাবি এবং তরুণীদের নাটক ও বিজ্ঞাপনে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে।
রনি বলেন, ‘প্রথমে কয়েকজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পারলেও গুরুত্ব দেইনি। কিন্তু, কয়েকদিনের মধ্যেই আরও অনেকের কাছ থেকে একই অভিযোগ পান। আমার ছবি ব্যবহার করে কখনো শুটিংয়ে কাজ দেওয়ার আশ্বাসে, আবার কখনো বিপদে পড়ার অজুহাতে টাকা চাওয়া হচ্ছে। এমনকি অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে তরুণীদের বাইরে দেখা করার প্রস্তাবও দেওয়া হচ্ছে।’
বিষয়টি জানার পর পরিচিতদের সতর্ক করেন রনি। তার দাবি, ‘একাধিক ব্যক্তি ভুয়া অ্যাকাউন্টটি রিপোর্ট করলেও সেটি এখনো বন্ধ হয়নি। প্রতারক আমাকে ব্লক করে রেখেছেন। যার কারণে আমি নিজেও সরাসরি অ্যাকাউন্টটি রিপোর্ট করতে পারছি না।’
দ্য ডেইলি স্টারকে তিনি জানান, শিগগির তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
পরিচিত মানুষের ছবি থাকলেই মেসেজটি তার পাঠানো, এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে নতুন বা অপরিচিত নম্বর থেকে টাকা চাওয়া হলে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি।
প্রথমত, নম্বরটি ভালোভাবে দেখুন। আগে যে নম্বরে যোগাযোগ করতেন, নতুন নম্বরটি সেটাই কি না, যাচাই করুন। তবে মনে রাখতে হবে, পরিচিত নম্বর থেকেও প্রতারণামূলক বার্তা আসতে পারে, যদি সেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে।
দ্বিতীয়ত, টাকা চাওয়ার ধরন লক্ষ্য করুন। অস্বাভাবিক তাড়াহুড়া, গোপন রাখতে বলা, ফোনে কথা বলতে না চাওয়া কিংবা দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিলে সাবধান হয়ে যান।
তৃতীয়ত, পরিচিত ব্যক্তির আগের নম্বরে সরাসরি ফোন করুন। প্রয়োজনে ভিডিও কলে কথা বলুন অথবা অন্য কোনো বিশ্বস্ত মাধ্যমে যোগাযোগ করুন।
চতুর্থত, টাকা পাঠানোর জন্য দেওয়া অ্যাকাউন্টের নাম ও তথ্য মিলিয়ে দেখুন।
পঞ্চমত, এমন কোনো প্রশ্ন করুন, যার উত্তর প্রকৃত পরিচিত ব্যক্তি জানার কথা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে কোনো প্রশ্ন করবেন না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিচয় নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই টাকা পাঠাবেন না।
মামুনুর রশিদ (৪৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মামুনুর রশিদ নিয়মিত বাংলাদেশে থাকা স্ত্রীর কাছে সংসারের খরচ বাবদ টাকা পাঠান। গত ২৬ জুন তার স্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে একজন কল করেন। ওই ব্যক্তি জানান, তার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টের কিছু তথ্য বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হালনাগাদ করতে হবে। এ কথা বলে তার ডেবিট কার্ডের তথ্য চান। প্রতারণা বুঝতে না পেরে তিনি কার্ডের তথ্য দিয়ে দেন।
অভিযোগ অনুযায়ী, এসব তথ্য ব্যবহার করে প্রতারক তার ব্যাংক অ্যাকাউন্টের একটি ডিপিএস থেকে ৮ হাজার টাকা তুলে নেন।
পরবর্তী সময়ে মামুনুর রশিদ দেশে ফিরে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তার স্ত্রীর অ্যাকাউন্টটি ব্লক করে রাখা হয়েছে। এ ঘটনায় গত ৭ নভেম্বর পল্টন থানায় জিডি করেন তিনি।
তবে তার দাবি, এখনো কোনো প্রতিকার পাননি।
দারুস সালাম এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান জানান, একদিন সন্ধ্যায় বাসায় থাকা অবস্থায় পুলিশের পরিচয়ে এক ব্যক্তি তাকে কল করেন। বলা হয়, তার মোবাইল নম্বর থেকে পরিচিত এক ব্যক্তিকে ফোন করে গালিগালাজ করা হয়েছে। বিষয়টি অস্বীকার করলে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং দুই ঘণ্টার জন্য মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয়। এ সময় তার কাছে দুটি ছবি পাঠিয়ে সেগুলো দেখে তথ্য জানাতেও বলা হয়।
প্রতারকদের কথামতো ফোন বন্ধ রাখার পর তিনি বুঝতে পারেন, তার ফেসবুক ও মোবাইল ফোন হ্যাক হয়েছে। ফোন চালু করার পর দেখেন, তার পরিচিত ৮০ থেকে ৯০ জনের কাছে মেসেজ পাঠিয়ে ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। কেউ যেন টাকা না পাঠান, সে জন্য তিনি দ্রুত ৫০০ থেকে ৭০০ জনকে সতর্কবার্তা পাঠান।
তিনি জানান, কেউ টাকা পাঠাননি। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে তিনি গত ৩ নভেম্বর মিরপুর দারুসসালাম থানায় জিডি করেন।
পরিচয় নকলের মাধ্যমে প্রতারণা শুধু অর্থ আদায়ে সীমাবদ্ধ থাকে না। অন্যের পরিচয় ব্যবহার করে নারীদের অশালীন বার্তা পাঠানো, অনাকাঙ্ক্ষিত যৌন ছবি পাঠানো কিংবা ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।
এ ধরনের ঘটনায় একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যিনি অনাকাঙ্ক্ষিত বার্তা পাচ্ছেন, তিনি সরাসরি হয়রানির শিকার। অন্যদিকে যার ছবি ও পরিচয় ব্যবহার করা হচ্ছে, তাকে নিয়ে ভুল ধারণা তৈরি হতে পারে।
কখনো ব্যক্তিগত ছবি প্রকাশের ভয় দেখিয়ে টাকা বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা করা হলে তা ব্ল্যাকমেইল বা সেক্সটর্শনের মতো গুরুতর অপরাধের অভিযোগের পর্যায়ে যেতে পারে।
এ ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয়, ছবি ও ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা রক্ষা অত্যন্ত জরুরি।
ধানমন্ডির বাসিন্দা কানিজ ফাতেমা সূচি (২৭) দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপে পরিচয় নকল করে তাকে হয়রানি করা হয়েছে।
সূচি জানান, গত ২৭ অক্টোবর তার হোয়াটসঅ্যাপে একজন জনপ্রিয় নাট্যনির্মাতার পরিচয়ে মেসেজ আসে। সেখানে তাকে নাটকে কাজ দেওয়ার প্রস্তাব দিয়ে ভিডিও কলে কথা বলার শর্ত দেওয়া হয়। তবে বলা হয়, পরিচালক নিজের ক্যামেরা চালু করবেন না, শুধু সূচিকেই ভিডিওতে থাকতে হবে। এমন শর্তের আড়ালে অশালীন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ হয় তার।
পরে পরিচিতদের মাধ্যমে ওই নাট্যনির্মাতার প্রকৃত ফোন নম্বর সংগ্রহ করে সরাসরি যোগাযোগ করেন সূচি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নাট্যনির্মাতা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি জানার পর বুঝতে পারি, আমার পরিচয় ব্যবহার করে অন্য কেউ ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন।’
প্রথমেই আতঙ্কিত না হয়ে প্রমাণ সংগ্রহ করুন। ভুয়া অ্যাকাউন্টের নম্বর, প্রোফাইলের ছবি, প্রদর্শিত নাম এবং কথোপকথনের স্ক্রিনশট রাখুন। সম্ভব হলে মূল চ্যাটও ডিলিট না করে রেখে দিন।
এরপর পরিচিতদের সতর্ক করুন, যেন আপনার পরিচয়ে কেউ টাকা চাইলে সরাসরি আপনার সঙ্গে কথা বলে যাচাই করে নেয়। প্রয়োজনে ফেসবুকসহ অন্য যোগাযোগমাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিতে পারেন। তবে ভুয়া নম্বর প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকুন, কারণ নম্বরটি অন্য কারও নামে নিবন্ধিত হতে পারে।
যাদের কাছে প্রতারণামূলক মেসেজ করা হয়েছে, তাদের অনুরোধ করুন সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিপোর্ট করতে। শুধু নিজে রিপোর্ট করার পাশাপাশি মেসেজ পাওয়া ব্যক্তিদের রিপোর্টও গুরুত্বপূর্ণ।
নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তাও পরীক্ষা করুন।
সন্দেহজনক অ্যাকাউন্টের বিরুদ্ধে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ করা যায়। এর জন্য—
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত চ্যাটে কোনো ব্যবহারকারীকে রিপোর্ট করলে তার পাঠানো সর্বশেষ পাঁচটি পর্যন্ত ম্যাসেজ এবং সংশ্লিষ্ট কিছু তথ্য পর্যালোচনার জন্য হোয়াটসঅ্যাপের কাছে যেতে পারে। রিপোর্ট করার বিষয়টি অভিযুক্ত অ্যাকাউন্টকে জানানো হয় না।
তবে শুধু রিপোর্ট করলেই অ্যাকাউন্টটি বন্ধ হবে, এমন নিশ্চয়তা নেই। হোয়াটসঅ্যাপ তাদের নীতিমালা অনুযায়ী অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নিতে পারে।
এ কারণে রিপোর্ট করার আগে গুরুত্বপূর্ণ প্রমাণ সংরক্ষণ করা উচিত।
প্রতারকের হাত থেকে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কয়েকটি ব্যবস্থা নেওয়া জরুরি।
হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্টে গেলে ‘লিংক ডিভাইস’-এ দেখা যাবে আপনার এই নম্বরটি কোথায় কোথায় লগইন করা আছে। যদি আপনার অপরিচিত কোনো ডিভাইসে লগইন দেখায়, দ্রুত সেটি লগআউট করে নিন।
হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট এবং ‘দু স্টেপ ভেরিফিকেশন’ অপশনে গিয়ে একটি পিন সেট করুন। পরবর্তীতে পিন ভুলে গেলে সেটি পুনরুদ্ধারের জন্য ইমেইলও যুক্ত করুন।
সেটিংস থেকে প্রাইভেসিতে গিয়ে প্রোফাইল ফটো, অ্যাবাউট, স্ট্যাটাস এবং লাস্ট সিন অ্যান্ড অনলাইন কারা দেখতে পারবেন, সেটা ঠিক করে দিন। প্রয়োজনে ‘মাই কনট্যাক্টস’ বা ‘মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট’ অপশন ব্যবহার করুন।
প্রাইভেসির ‘কলস’ বিভাগে ‘সাইলেন্ট আন-নন কলারর্স’ সুবিধা থাকলে চালু করতে পারেন। এতে অচেনা নম্বর থেকে কলের বিঘ্ন কমানো সম্ভব।
প্রাইভেসির গ্রুপস সেটিংসে গিয়ে কারা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন সেটা ঠিক করে দিন।
হোয়াটসঅ্যাপের ছয় সংখ্যার নিবন্ধন কোড, টু স্টেপ ভেরিফিকেশন পিন কিংবা অ্যাকাউন্টে লগইনের অন্য কোনো কোড কারও সঙ্গে শেয়ার করবেন না।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করার অনুরোধ বা কিউআর কোড যাচাই না করে ব্যবহার করবেন না।
এসব ব্যবস্থা নেওয়া হলে অ্যাকাউন্ট অন্য কারো হাতে চলে যাওয়ার ঝুঁকি কিছুটা কমবে। তবে কেউ আপনার ছবি ব্যবহার করে অন্য কোনো নম্বর ব্যবহার করে আলাদা অ্যাকাউন্ট খুললে এসব সেটিংস দিয়ে তা ঠেকানো সম্ভব নয়।
নিজে সতর্ক থাকার পাশাপাশি পরিবার, বন্ধু ও সহকর্মীদের সতর্ক করাও জরুরি। আপনার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে জানতে পারলে দ্রুত পরিচিতদের জানিয়ে দিন। বিশেষ করে যাদের সঙ্গে নিয়মিত আর্থিক লেনদেন হয়, তাদের সরাসরি কল করে সতর্ক করুন।
পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদেরও জানিয়ে রাখতে হবে। একইসঙ্গে হোয়াটসঅ্যাপে টাকা চাওয়ার ঘটনা ঘটলে সরাসরি কথা বলে কিংবা অন্য একটি বিশ্বস্ত মাধ্যমে পরিচয় নিশ্চিত করে নিতে হবে। কেউ আপনার নামে টাকা চাইলে তাকে টাকা না পাঠিয়ে আগে আপনাকে কল করতে বলুন। আর সন্দেহজনক বার্তা পেলে তা ডিলিট করার আগে প্রমাণ সংরক্ষণ করে রিপোর্ট করতে বলুন।
প্রতারণার শিকার হয়ে গেছেন বুঝতে পারলে লেনদেনের সময়, পরিমাণ, প্রাপকের নম্বর, ট্রানজ্যাকশন আইডি এবং কথোপকথনের প্রমাণ সংরক্ষণ করুন এবং যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অফিশিয়াল কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। প্রতারণামূলক লেনদেনের অভিযোগ জানিয়ে অর্থ আটকে রাখা বা ফেরতের কোনো সুযোগ আছে কি না, সেটা জানতে চান।
এরপর নিকটস্থ থানায় অভিযোগ করুন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নম্বর, কথোপকথনের প্রমাণ এবং লেনদেনের তথ্য জমা দিন।
মনে রাখতে হবে, দ্রুত অভিযোগ করলেও টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই। তবে সময়মতো অভিযোগ করা হলে তদন্ত ও সম্ভাব্য প্রতিকারের ক্ষেত্রে তা সহায়ক হতে পারে।
বাংলাদেশে এ ধরনের ঘটনার অভিযোগ নিয়ে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। ঘটনার ধরন অনুযায়ী সাধারণ ডায়েরি, লিখিত অভিযোগ বা মামলা নেওয়ার বিষয়টি পুলিশ নির্ধারণ করবে। অভিযোগে অভিযুক্ত ব্যক্তির প্রকৃত পরিচয় জানা না থাকলেও সন্দেহজনক নম্বর, অ্যাকাউন্ট ও ঘটনার বিবরণ দিতে হবে।
অভিযোগ করার সময় ঘটনার তারিখ, সময়, সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট, অর্থ লেনদেনের তথ্য এবং সম্ভাব্য সাক্ষীদের বিবরণ প্রয়োজন হবে।
নারীদের সাইবার হয়রানির ঘটনায় বাংলাদেশ পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনের (পিসিএসডাব্লিউ) সহায়তা নেওয়া যায়।
তাদের হটলাইন নম্বর ০১৩২০০০০৮৮৮ এবং ইমেইল [email protected]।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, পিসিএসডাব্লিউ প্রযুক্তিগত ও আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি নারী ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিতের ওপর গুরুত্ব দেয়।
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারায় সাইবার স্পেসে প্রতারণার অপরাধ ও দণ্ডের বিধান রয়েছে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।
একই আইনের ২৫ ধারায় নির্দিষ্ট শর্তে ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, সেক্সটর্শন এবং ক্ষতিকর অন্তরঙ্গ বিষয়বস্তু প্রকাশ বা প্রকাশের হুমকি সম্পর্কিত অপরাধের বিধান রয়েছে।
তবে শুধু কারও ছবি ব্যবহার করা, টাকা চাওয়া কিংবা অশালীন বার্তা পাঠানোর অভিযোগ থাকলেই স্বয়ংক্রিয়ভাবে সব ধারায় অপরাধ প্রমাণিত হয় না। ঘটনার প্রকৃতি, উদ্দেশ্য ও প্রমাণের ভিত্তিতে প্রযোজ্য আইন নির্ধারিত হবে।
প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ডিজিটাল পরিচয়ের নিরাপত্তাও তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এ জন্যই হোয়াটসঅ্যাপে পরিচিত মানুষের ছবি দেখলেই সেটা আপনার পরিচিত মানুষের নম্বর, এমন ভেবে নেওয়া যাবে না।
