পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত সপ্তাহে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষকের (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় নকল করে এক শিক্ষার্থীর প্রথম স্থান অর্জনের খবর সামনে আসার পর তোলপাড়ের জেরে তিনি এই সিদ্ধান্ত নেন।
পরীক্ষায় ওই শিক্ষার্থী প্রায় পূর্ণ নম্বর পান। তিনি পরীক্ষার হলে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহারের কথা স্বীকার করেন।
দেশটিতে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা ঘটে। এরপর থেকেই এআই ব্যবহার করে পরীক্ষায় নকলের আশঙ্কা বেড়ে যায়।
ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে তড়িঘড়ি করে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এর মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেওয়ার মতো উদ্যোগও ছিল।
তবে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। শিক্ষক ইউনিয়নগুলো অভিযোগ করে, এমন ঘটনার পরও উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করেছে সরকার।
আট ঘণ্টার ‘সুনুং’ পরীক্ষা বছরে একবারই অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নির্ধারিত হয় কোন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। এই পরীক্ষার ওপর তার ভবিষ্যৎ ক্যারিয়ারও নির্ভর করে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষার পর এক্সে শিক্ষামন্ত্রী চোই লেখেন, ‘বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে।’
‘পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, আমি এখন এই ঘটনার পুরো দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করছি’, যোগ করেন তিনি।
চোইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
