পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই ভেজাল আখ্যা দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তা বিরুদ্ধে একটি কারখানার প্রায় এক কোটি টাকা মূল্যের কাঁচামাল ধ্বংস করার অভিযোগ উঠেছে।
পাশাপাশি গ্রিন বায়োটেকনোলজি নামে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও অভিযোগ তুলেছে, ভয়ভীতি দেখিয়ে তাদের প্রতিনিধির কাছ থেকে ফাঁকা ফরমে স্বাক্ষর গ্রহণ এবং অভিযানের বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, জরিমানার অর্থ ফেরত ও ক্ষতিপূরণ চেয়ে আজ রোববার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে হয়, জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গত বুধবার দুপুরে গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান সহকারী পরিচালক শরীফুল ইসলাম।
কারখানার কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। এক পর্যায়ে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তার নজরে আসে।
প্রতিষ্ঠানটির দাবি, কাঁচামালগুলো তাদের নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদও ছিল।
তবে কোনো ধরনের নমুনা পরীক্ষা বা প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা ও ধ্বংস করা হয়। পাশাপাশি কর্তৃপক্ষকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, কারখানার প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়েছে।
গ্রিন বায়োটেকনোলজির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ‘কাঁচামালগুলো সরকারি বা অন্য কোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও সহকারী পরিচালক সেই সুযোগ দেননি।’
‘আইনগত প্রক্রিয়া না মেনে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করা হয়। জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি বা লিখিত পূর্ণাঙ্গ আদেশও দেওয়া হয়নি,’ বলেন তিনি।
নজরুল জানান, এই ঘটনায় তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, ‘অভিযানের সময় তাকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়ায় তিনি স্বাক্ষর করতে বাধ্য হন।’
অভিযানে ওই কর্মকর্তার আচরণ ‘মাস্তানদের মতো ও উদ্দেশ্যপ্রণোদিত’ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) বৈধ লাইসেন্স রয়েছে এবং পণ্যগুলো নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। অধিকাংশ পণ্যই বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) কর্তৃক ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ ও নিরাপদ।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, কারখানায় গিয়ে তিনি কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় পেয়েছেন। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ না থাকায় সেগুলোর নমুনা পরীক্ষা করা হয়নি।
‘আমি কোনো জব্দ তালিকাও করিনি। তবে কাঁচামালগুলো ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি,’ বলেন তিনি।
