শিল্পী পরিবারের সন্তান হৃদি হক। তার বাবা প্রয়াত নাট্যব্যক্তিত্ব ইনামুল হক এবং মা লাকী ইনাম। মঞ্চনাটকের সঙ্গে তার পথচলা শুরু ছোটবেলায়। বড় হয়েও মঞ্চনাটকেই বেশি সরব তিনি। পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। পরিচালনা করেছেন একটি চলচ্চিত্র। এখন যুক্তরাষ্ট্রে বসেও মঞ্চনাটক নির্দেশনা দিচ্ছেন তিনি।
সম্প্রতি হৃদি হক কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
হৃদি হক বলেন, ‘আমার বেড়ে ওঠা থিয়েটারের সঙ্গে। আমার বেড়ে ওঠা শিল্পের সঙ্গে। মা লাকী ইনাম এবং বাবা ড. ইনামুল হক—দুজনেই নাটকের মানুষ, শিল্পের মানুষ। তাদের এই পথে যাত্রা বহু বছরের। আমারও যাত্রা জন্মের পর থেকেই, তাদের দেখে এবং চারপাশের পরিবেশ থেকেও আমার ভেতরে অভিনয়ের প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়।’
‘আমার বাবা দীর্ঘদিন নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। এই দলের হয়ে আলী যাকের, আসাদুজ্জামান নূর, আবুল হায়াতসহ জ্যেষ্ঠ শিল্পীরা নাটক করেছেন। তাদেরও ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আমার চারপাশে ছিল সুন্দর পরিবেশ। চারপাশে ছিলেন গুণী শিল্পীরা। কাজেই আমি খুব সুন্দর পরিবেশে বেড়ে উঠেছি।’
তিনি বলেন, ‘ধীরে ধীরে সুযোগ পেয়েছি। শিখতে শিখতে সুযোগ পেয়েছি, হুট করে নয়। শিখেই আসতে হয়েছে। এই বিষয়টি আমাকে ভালো কিছু দিয়েছে। এর ফলে আমার শেখা হয়েছে, নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছি।’
নিজের দলের হয়ে মঞ্চে প্রথম নির্দেশনা দেন ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকের। দর্শকেরা নাটকটি গ্রহণ করেন। মঞ্চে অভিনয়ের পাশাপাশি নাটকও লিখেছেন হৃদি হক। ‘মেহেরজান’, ‘গহর বাদশা ও বানেছা পরী’সহ আরও কয়েকটি নাটকের নাট্যরূপ দিয়েছেন তিনি। এ ছাড়া মঞ্চের বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম ‘প্রাগৈতিহাসিক’। নাটকটির শততম প্রদর্শনীতেও অভিনয় করেছেন তিনি।
‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হৃদি হক। সিনেমাটি পরিচালনা করে অসংখ্য মানুষের প্রশংসা পেয়েছেন তিনি।
‘রোমিও জুলিয়েট’ নাটকে অভিনয় করেও মঞ্চে সাড়া ফেলেছিলেন হৃদি হক। যদিও সেটি অনেক আগের ঘটনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন হাজার প্রতিযোগী অডিশন দিয়েছিলেন। এরপর আমি চূড়ান্তভাবে নির্বাচিত হই। যখন চূড়ান্ত হই, তখন নিজের ভেতরেও চরিত্রটি নিয়ে আলাদা করে বিরাট আগ্রহ তৈরি হয়। জুলিয়েট ছিল আমার পছন্দের চরিত্র। চরিত্রটি করার পর ভূয়সী প্রশংসা পাই।’
অভিনয় ও নির্দেশনার পাশাপাশি উপস্থাপনাও করেছেন হৃদি হক। বাংলা ভিশনের ‘মিডিয়া ভুবন’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিনি।
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আমাদের আনন্দবাড়ি’ হৃদি হকের লেখা।
কয়েক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন তিনি। দূরদেশে গিয়েও নাটক থেকে দূরে নেই। মঞ্চের জন্য ‘আন্ধার জয়’ নামের একটি নাটক নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে। চলতি বছর সেখানে নাটকটির সফল মঞ্চায়ন হয়েছে।
হৃদি বলেন, ‘আন্ধার জয়’ নাটকটি নির্দেশনা দিয়ে এখানে অনেক প্রশংসা পেয়েছি। যারা নাটকটি দেখেছেন, তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি দর্শক। তারা প্রচণ্ড প্রশংসা করেছেন। নাটকটি করার পর মনে হয়েছে, পরিশ্রম সার্থক হয়েছে।
‘বিভিন্ন দেশের ৫০ জন নাট্যকর্মীকে নিয়ে নাটকটি করেছি। অনেক বড় একটি দল নিয়ে কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তারপরও সফলভাবে কাজটি করতে পেরেছি। মহড়া করতে হয়েছে। মাসের পর মাস কর্মশালা করেছি।’
সবশেষে তিনি বলেন, ‘আন্ধার জয়’ নাটকটি আমেরিকার অন্য স্টেটগুলোতেও মঞ্চস্থ করার ইচ্ছে আছে। বড় কথা হচ্ছে, এখানেও থিয়েটার চর্চা করতে চাই। ভালোবাসা থেকেই করতে চাই।
