Homeঅর্থনীতিকারও ফেলে দেওয়া সবজি যখন অন্যের বেঁচে থাকার অবলম্বন

কারও ফেলে দেওয়া সবজি যখন অন্যের বেঁচে থাকার অবলম্বন

পাইকারি বাজারে বিক্রির অনুপযোগী বলে ফেলে রাখা সবজি কিনছেন নিম্ন আয়ের পরিবারগুলো। নিয়মিত বাজারদরের চেয়ে অনেক কম দামে এসব সবজি কিনে সংসারের খরচের চাপ সামাল দিচ্ছেন তারা।

ভাঙা বাঁধাকপি, ফেটে যাওয়া লাউ, কাটা বেগুন, আংশিক পচা টমেটো এবং পচা অংশ কেটে ফেলা আলুসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে রাজধানীর কয়েকটি বাজারে। আশপাশে বসবাসকারী নিম্ন আয়ের মানুষরাই এখানকার ক্রেতা। এসব বাজারের মধ্যে আছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও তেজগাঁওয়ের নাখালপাড়ার ফকিন্নি বাজার।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি কাঁচাবাজারে প্রায় ৩০টি দোকানে এ ধরনের সবজি বিক্রি হয়।

সেখানে ছয় সদস্যের পরিবারের জন্য বাজার করতে এসেছেন ৫০ বছর বয়সী লাইলী বেগম। তিনি ২০ টাকায় এক কেজি কাটা বেগুন, ১৫ টাকায় এক কেজি কাটা আলু এবং ২০ টাকায় প্রায় আধা কেজি আংশিক পচা টমেটো কেনেন। সব মিলিয়ে তার খরচ হয় ৫৫ টাকা।

একই পরিমাণ টাটকা সবজি কিনতে তার খরচ হতো প্রায় ১২৫ টাকা। সাশ্রয় হওয়া ৭০ টাকা দিয়ে পরিবারের জন্য রান্নার তেল, মসলা ও মোটা চাল কেনেন তিনি।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অটোরিকশাচালক স্বামীর আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন লাইলী বেগম। এমন পরিস্থিতিতে সবজির চেহারা তাদের কাছে আর গুরুত্ব রাখে না।

জেনেভা ক্যাম্প বাজারের দোকানি জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ এলাকার অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল। নিয়মিত বাজারদরে সবজি কেনার সামর্থ্য তাদের নেই। এ কারণেই কম দামের এসব সবজির চাহিদা বেশি।’

জাকিরের ভাষ্য, কয়েকজন ব্যবসায়ী বছরের পর বছর এ ধরনের সবজি বিক্রি করেই পরিবার চালাচ্ছেন।

স্বামীর মৃত্যুর পর গত ২২ বছর ধরে এই ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করছেন ৫৫ বছর বয়সী মোনেজা বেগম।

তেজগাঁও রেলস্টেশনের পাশে ফকিন্নি বাজারে পচা ও ক্ষতিগ্রস্ত সবজি বিক্রি করে তিনি প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা আয় করেন। এই বাজারে কেনাকাটা করতে আসা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ।  

উদাহরণ হিসেবে তিনি জানান, বুধবার প্রায় ১০০ কেজি নিম্নমানের শসা ৮০০ টাকায় কিনেছিলেন। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে সেগুলো ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। এরপরও তার কাছে ১০ কেজি শসা অবিক্রীত ছিল।

মোনেজা বলেন, ‘এভাবেই সংসার চালাই।’

বাজারের কয়েকজন ক্রেতা জানান, নিয়মিত বাজারের তুলনায় এখানে সবজির দাম অনেক কম হওয়ায় তারা এখানে আসেন।

তাদের ভাষ্য, রান্নার আগে এমনিতেই সবজি কেটে প্রস্তুত করতে হয়। তাই সামান্য ক্ষত বা ফাটল থাকলেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায় না। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাশ্রয়ী দামে সবজি কেনা।

ছোট হোটেল ও মেসের জন্যও এসব সবজির একটি বড় অংশ কেনা হয়। এতে তাদের খরচ কমে।

ঢাকার অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারেও ভাঙা, ফাটা ও বাসি সবজি বিক্রির জন্য আলাদা একটি অংশ রয়েছে।

পাইকারি দোকানগুলোর পাশে সেখানে প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যবসায়ী এ ধরনের সবজি বিক্রি করেন।

তাদের ক্রেতাদের মধ্যে রয়েছেন ছোট হোটেল, মেসে খাবার সরবরাহকারী এবং আশপাশের এলাকার নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো।

বাজারের ব্যবসায়ী হারুন-অর-রশীদ বলেন, পাইকারি ব্যবসায়ীদের নিয়মিত বেচাকেনা শেষে অনেক সময় কিছু সবজি অবিক্রীত থেকে যায়। পরিবহনের সময়ও কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয় বা ফেটে যায়। আবার দুই-তিন দিন অবিক্রীত পড়ে থাকলে কিছু সবজি বাসি হয়ে যায়।

তিনি বলেন, ‘পাইকারি ব্যবসায়ীরা এসব সবজি কম দামে বিক্রি করেন। আমরা সেগুলো কিনে বাজারদরের চেয়ে আরও কমে ক্রেতাদের কাছে বিক্রি করি।’

কারওয়ান বাজার পাইকারি কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুজনের ধারণা, বাজারে আসা সবজির প্রায় ৫ থেকে ৮ শতাংশ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কখনো এক হাজার টাকার বেগুনের একটি চালানের কিছু অংশ ফেটে, ভেঙে বা আংশিক পচে গেলে পুরো চালানটির মূল্য ২০০ থেকে ৩০০ টাকায় নেমে আসে। এগুলো পরে বাছাই করে বিক্রি করা হয়।
 

RELATED ARTICLES

Most Popular