Homeআন্তর্জাতিকইতিহাসে প্রথমবার এক টেবিলে বসবেন ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে?

ইতিহাসে প্রথমবার এক টেবিলে বসবেন ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে?

আগামী সপ্তাহে চীনের শেনজেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট—ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং।

হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে বলা হয়, ত্রিপক্ষীয় আলোচনায় ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি তুলবেন। পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়েও আলোচনা করবেন তিনি। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে এ বৈঠকে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এ অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের দায়িত্ব পালনকালে চলা দুটি বড় সংঘাতের মধ্যে একটি বৈঠকে আলোচনায় আসবে, অন্যটি নয়।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরানের বিষয়টি তুলতে চান।’

ওই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের ‘আলাদা একটি আলোচনার পথ’ রয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন দূতেরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনাও করেছেন।

তার ভাষ্য, ‘চীন থাকায় সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা করা যথাযথ হবে বলে মনে হয় না।’

শেনজেনের এই বৈঠককে ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের নতুন ভূখণ্ডসীমা ও যুদ্ধোত্তর ব্যবস্থা নির্ধারণে ওই সম্মেলনে বৈঠক করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, শেনজেনের বৈঠকটি একুশ শতকের ‘প্রভাববলয় পুনর্বণ্টনের’ ইয়াল্টা সম্মেলনে পরিণত হতে পারে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ‘পশ্চিম গোলার্ধে’ যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। এর অংশ হিসেবে জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। তবে ১৯৪৫ সালের মতো বড় শক্তিগুলোর মধ্যে বিশ্ব ভাগ করে নেওয়া নিরাপত্তা নিশ্চিত করবে, এমন নিশ্চয়তা নেই।

বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও মধ্যাহ্নভোজেও অংশ নেবেন ট্রাম্প। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক। তবে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাদা কোনো একান্ত বৈঠকের কর্মসূচি নেই।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের বিষয়টি ট্রাম্পের সঙ্গে শি ও পুতিনের বৈঠকে উঠবে না বলে ধারণা করা হচ্ছে।

আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে এই সফরের আসলে কোনো সম্পর্ক থাকার কথা নয়।’

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের চীন সফরে তার সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে শি ও পুতিনের সঙ্গে বৈঠকে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আগামী সোমবার ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর সেখান থেকে শেনজেন যাবেন।

RELATED ARTICLES

Most Popular