Homeবিনোদনকে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, লড়াইয়ে হলিউডের একঝাঁক তারকা

কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, লড়াইয়ে হলিউডের একঝাঁক তারকা

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পাঁচ বছর পেরিয়ে গেছে। কিন্তু পর্দায় এখনো ফেরেননি ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড। নতুন বন্ড কে হবেন, তা নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। এবার সেই আলোচনায় যোগ হয়েছে হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকার নাম।

গুঞ্জন শোনা যাচ্ছে, ২৬তম বন্ড সিনেমার জন্য অডিশন দিয়েছেন রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বন্ড চরিত্রের জন্য কয়েকজন অভিনেতার চূড়ান্ত স্ক্রিন-টেস্ট নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছিলেন ওয়ান নাইট অনলিখ্যাত ক্যালাম টার্নার, স্লো হর্সেস অভিনেতা জ্যাক লোডেন এবং চ্যালেঞ্জার্স তারকা জশ ও’কনর। পরে এই তালিকায় যুক্ত হয় রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্টের নাম। তবে তাদের কেউই এখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

বন্ড চরিত্রের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও আছেন—গায়ক হ্যারি স্টাইলস ও দ্য হোয়াইট লোটাস তারকা থিও জেমসের নাম। ৩২ বছর বয়সী স্টাইলস এই তালিকার সবচেয়ে কমবয়সী প্রার্থী। অন্যদিকে ৪১ বছর বয়সী থিও জেমস সবচেয়ে বেশি বয়সী।

‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে ২০২১ সালে জেমস বন্ডের চরিত্রে শেষবারের মতো অভিনয় করেন ড্যানিয়েল ক্রেগ। সিনেমাটির শেষে দর্শকদের আশ্বাস দেওয়া হয়েছিল, জেমস বন্ড আবার ফিরবে। কিন্তু নতুন সিনেমার কাজ ও পরবর্তী বন্ড নির্বাচন নিয়ে নানা জটিলতায় অপেক্ষা দীর্ঘ হয়েছে।

প্রযোজক অ্যামি পাসকালের ভাষ্য, এ বছর শেষ হওয়ার আগেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খুব সতর্কতার সঙ্গে। কারণ, ড্যানিয়েল ক্রেগের জায়গায় অন্য কাউকে মানিয়ে নেওয়া সহজ হবে না। তার অভিনীত ‘নো টাইম টু ডাই’ বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল।

বন্ড চরিত্রটি শুধু জনপ্রিয় সিনেমার নায়ক নয়, ব্রিটিশ সংস্কৃতিরও অন্যতম পরিচিত প্রতীক। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শন কনারি প্রথম জেমস বন্ড হিসেবে পর্দায় আসেন। এ পর্যন্ত মাত্র ছয়জন অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন।

ঐতিহ্য অনুযায়ী, বন্ডের চরিত্রে সাধারণত ব্রিটিশ অভিনেতাদেরই বেছে নেওয়া হয়। তবে আয়ারল্যান্ডে জন্ম নেওয়া পিয়ার্স ব্রসনান এবং অস্ট্রেলিয়ার জর্জ ল্যাজেনবিও এই চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্যালাম টার্নারের প্রশংসা করেছেন সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসনান। তার মতে, তালিকায় থাকা অভিনেতাদের প্রত্যেকেরই অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির আলাদা শক্তি আছে।

নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে নতুন বন্ড নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে চান না। কারণ, তার প্রতিটি কথাই খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে।

সব মিলিয়ে নতুন জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ০০৭-এর দায়িত্ব, সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

RELATED ARTICLES

Most Popular