Homeবিনোদনশাবানা-আলমগীর জুটি কেন এত জনপ্রিয় ছিল

শাবানা-আলমগীর জুটি কেন এত জনপ্রিয় ছিল

ঢাকাই সিনেমার ইতিহাসে শাবানা-আলমগীর জুটি একটি স্বতন্ত্র অধ্যায়। তারা দুজন একসঙ্গে প্রায় ১৩০টি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। দীর্ঘ সময় ধরে তারা দর্শকের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে।

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দস্যুরানী’ সিনেমার মাধ্যমে দীর্ঘ এই পথচলার সূচনা হয়। এই জুটির শততম সিনেমার নাম ‘সংসারের সুখ দুখ’। সিনেমাটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন। সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। তাদের পর্দায় একসঙ্গে শেষ দেখা যায় ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায়। আজিজুর রহমান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০০০ সালে।

শাবানা জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সন্তানদের ভবিষ্যৎ ও তাদের সময় দেওয়ার প্রয়োজনে তিনি অভিনয়জীবনকে বিদায় জানান। পরে স্বামী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন।

এক সাক্ষাৎকারে শাবানা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘আমার অভিনয়জীবনে একটানা প্রায় ৩৬ বছর কাজ করার পর পরিবার ও সন্তানদের সময় দেওয়াকে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছি। সেই কারণে আর অভিনয় করিনি। কারণ পরিবার আমার কাছে তখন বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’

কেন এত জনপ্রিয় ছিল শাবানা-আলমগীর জুটি

শাবানা-আলমগীর জুটির জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ ছিল। সিনেমার চরিত্রে অভিনয়ের স্বাভাবিকতা। দুজনই চরিত্রের প্রয়োজনে নিজেদের অভিনয়শৈলী বদলাতে পারতেন। সেই কারণে পর্দায় তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য হয়ে উঠত। তাদের বেশিরভাগ সিনেমাই পারিবারিক গল্পের। সেখানে পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, সংসারের টানাপোড়েন ও সামাজিক বাস্তবতা বেশি গুরুত্ব পেয়েছে। তারা প্রেমিক-প্রেমিকা, কখনো স্বামী-স্ত্রী, কখনো সংসারের নানা সংকটে লড়াই করা দুই মানুষ চরিত্রে অভিনয় করেছেন।

শাবানা ও আলমগীর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা

এই জুটির একসঙ্গে অভিনয় করা আলোচিত সিনেমার মধ্যে রয়েছে—দস্যুরানী, মধুমিতা, মনিহার, মান সম্মান, সখিনার যুদ্ধ, ভাত দে, অস্বীকার, অশান্তি, ঘরের বউ, গরিবের বউ, সত্য মিথ্যা, নিষ্পাপ, পিতা মাতা সন্তান, মায়ের দোয়া, স্বামীর আদেশ, ক্ষমা, অন্ধ বিশ্বাস, জজ ব্যারিস্টার, সংসারের সুখ-দুঃখ, ঘরে ঘরে যুদ্ধ।

শাবানা-আলমগীর জুটির গল্প আসলে ঢাকাই সিনেমার সোনালি সময়ের গল্প। কয়েক প্রজন্মের আনন্দ-বেদনা, ভালোবাসা ও স্মৃতির অংশ। বাস্তব জীবনে তারা কখনো স্বামী-স্ত্রী ছিলেন না। কিছু মানুষ ভাবতো তারা সত্যি স্বামী স্ত্রী। তারা সিনেমার চরিত্রে প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী ছিলেন। পর্দায় তাদের সম্পর্ক এতটাই জীবন্ত ছিল। কিছু জুটি সময়ের সঙ্গে পুরোনো হয় না, বরং স্মৃতির ভেতর আরও উজ্জ্বল হয়ে ওঠে। শাবানা-আলমগীর তেমনই এক জুটি।

RELATED ARTICLES

Most Popular