Homeসারাদেশগাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। কোথাও কোথাও উৎপাদনও বন্ধ রয়েছে।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আসিফ ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান।

সকাল ১১টার দিকে আসিফ ইকবাল আরও বলেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।’

নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মঞ্জুর মোর্শেদ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

 

RELATED ARTICLES

Most Popular