ড্যানিয়েল ক্রেগের পর এবার পর্দায় জেমস বন্ড হয়ে দেখা দেবেন রবার্ট প্যাটিনসন।
আজ সোমবার ০০৭-এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ ছবির মধ্য দিয়ে ক্রেইগের ১৫ বছরের যাত্রা শেষ হওয়ার পর এই চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক জল্পনা-কল্পনা ছিল।
নতুন জেমস বন্ড প্যাটিনসন এক বিবৃতিতে বলেছেন, ‘জেমস বন্ড চলচ্চিত্রজগতের অন্যতম কিংবদন্তিতুল্য চরিত্র। আর ০০৭ হতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’
গত আগস্টে জেমস বন্ডের প্রযোজক অ্যামি প্যাসকেল বলেছিলেন, ‘আমরা খুব, খুব পরিকল্পিতভাবে এগোচ্ছি। স্টুডিওতে বারবারা ব্রকোলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, ড্যানিয়েল ক্রেগের পর দায়িত্ব নেওয়া সহজ হবে না। এমন কিছু করতে হবে, যা সত্যিই ভিন্ন, উদ্দীপনাময়, রোমাঞ্চকর ও ব্যতিক্রমী।’
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে বন্ড ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে ছিলেন বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসন। গত বছর সেটি যায় অ্যামাজন এমজিএম স্টুডিওসের কাছে।
২০২১ সালে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেন ক্রেগ। ২৬তম বন্ড সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, জ্যাক লোডেন ও জশ ও’কনর। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে ২০২১ সালে জেমস বন্ডের চরিত্রে শেষবারের মতো অভিনয় করেন ক্রেগ। সিনেমাটির শেষে দর্শকদের আশ্বাস দেওয়া হয়েছিল, জেমস বন্ড আবার ফিরবে। কিন্তু নতুন সিনেমার কাজ ও পরবর্তী বন্ড নির্বাচন নিয়ে নানা জটিলতায় এই অপেক্ষা দীর্ঘ হয়েছে।
ক্রেগ অভিনিত ‘নো টাইম টু ডাই’ বিশ্বজুড়ে ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ‘জেমস বন্ড’ শুধু জনপ্রিয় সিনেমার নায়ক নয়, ব্রিটিশ সংস্কৃতিরও অন্যতম পরিচিত প্রতীক। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে শন কনারি প্রথম জেমস বন্ড হিসেবে পর্দায় আসেন। এ পর্যন্ত মাত্র ছয়জন অভিনেতা চরিত্রটিতে অভিনয় করেছেন।
নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলনভ।
