Homeসারাদেশভিসার আশ্বাসে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা, অস্ট্রেলীয় হাইকমিশনের সতর্কতা

ভিসার আশ্বাসে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা, অস্ট্রেলীয় হাইকমিশনের সতর্কতা

অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশের অনেক মানুষ। কেউ উচ্চশিক্ষার জন্য, কেউ কাজের সন্ধানে, আবার কেউ পরিবার কিংবা পর্যটনের উদ্দেশ্যে দেশটিতে যেতে চান। এই আগ্রহকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির প্রতারক। ভিসা পাওয়ার নিশ্চয়তা, সহজে চাকরির ব্যবস্থা কিংবা দ্রুত আবেদন নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে অর্থ। অনেক ক্ষেত্রে আবেদনকারীদের দেওয়া হচ্ছে ভুয়া কাগজপত্র ও বিভ্রান্তিকর তথ্য।

এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে। ভুয়া মাইগ্রেশন ওয়েবসাইট, অননুমোদিত এজেন্ট, জাল ভিসা অনুমোদনপত্র এবং বায়োমেট্রিকস প্রক্রিয়া নিয়ে প্রতারণার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একইসঙ্গে আবেদনকারীদের নিজেদের ভিসার আবেদন সরকারি অনলাইন প্ল্যাটফর্মে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতারক ব্যক্তি ও প্রতিষ্ঠান অনেক সময় বৈধ মাইগ্রেশন এজেন্টের পরিচয় ব্যবহার করে। তাদের ওয়েবসাইট, ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজও দেখতে আসল প্রতিষ্ঠানের মতো হতে পারে। এসব মাধ্যমে অস্ট্রেলিয়ায় সহজে প্রবেশ, কাজের সুযোগ কিংবা দ্রুত ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়।

প্রতারণার একটি বড় কৌশল হলো সরকারি বা বৈধ প্রতিষ্ঠানের মতো দেখতে ওয়েবসাইট তৈরি করা। এসব ওয়েবসাইটে পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য চাওয়া হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের জন্য শুধু একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দ্রুত ভিসা কিংবা নিশ্চিত চাকরির প্রলোভন দেখানো হয়।

হাইকমিশন স্পষ্ট করেছে, কোনো ব্যক্তি বা এজেন্ট অস্ট্রেলিয়ার ভিসা অনুমোদনের নিশ্চয়তা দিতে পারেন না। ভিসার আবেদন বিবেচনা এবং অনুমোদন বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র দপ্তর। তাই কেউ ভিসা নিশ্চিত করে দেওয়ার দাবি করলে সেটিকে প্রতারণার সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখতে হবে।

এজেন্ট নিয়োগের প্রয়োজন হলে তার বৈধতা যাচাই করাও জরুরি। অস্ট্রেলিয়ার অফিস অব দ্য মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটির (ওএমএআরএ) অনলাইন পোর্টালে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের পরিচয় ও নিবন্ধন নম্বর যাচাই করা যায়। নিবন্ধিত প্রতিটি এজেন্টের একটি স্বতন্ত্র মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন নম্বর (এমএআরএন) থাকে।

অস্ট্রেলিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীর আঙুলের ছাপ ও ছবি নেওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে বায়োমেট্রিকস দেওয়ার নির্দেশনা পাঠানো হয়। কিন্তু এই নির্দেশনা পাওয়ার অর্থ ভিসা অনুমোদিত হয়েছে, এমন নয়। এটি আবেদন যাচাইয়ের একটি নিয়মিত ধাপ মাত্র।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিকস সংগ্রহ করে ভিএফএস গ্লোবাল। প্রতিষ্ঠানটি অস্ট্রেলীয় কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক সেবাদানকারী। তাদের দায়িত্ব কেবল বায়োমেট্রিকস সংগ্রহ করা; ভিসা অনুমোদন, প্রত্যাখ্যান কিংবা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া নয়।

হাইকমিশন সতর্ক করেছে, কিছু প্রতারক বায়োমেট্রিকসের চিঠিকে ভিসা পাওয়ার আগের শেষ ধাপ হিসেবে প্রচার করে। কেউ কেউ আবার দ্রুত বায়োমেট্রিকস করিয়ে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ দাবি করে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

প্রতারণা এড়াতে আবেদনকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, নিজের ভিসার আবেদনের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ রাখা। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ‘ইমিঅ্যাকাউন্ট’ হলো ভিসার আবেদন জমা দেওয়া এবং আবেদনসংক্রান্ত তথ্য ও বার্তা দেখার সরকারি অনলাইন প্ল্যাটফর্ম।

কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করলেও আবেদনকারীকে নিজের আবেদনের তথ্য দেখার সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, নাগরিকত্ব এবং কোন শ্রেণির ভিসার জন্য আবেদন করা হয়েছে, তা মিলিয়ে দেখা জরুরি। বায়োমেট্রিকসের নির্দেশনায় উল্লেখ করা ভিসার ধরনও ইমিঅ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

এজেন্ট যদি আবেদনকারীর কাছে ইমিঅ্যাকাউন্টের তথ্য গোপন করেন কিংবা আবেদন দেখতে দিতে অস্বীকৃতি জানান, তাহলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ, আবেদনকারীর অজান্তে এক ধরনের ভিসার কথা বলে অন্য ধরনের ভিসার আবেদন জমা দেওয়ার ঘটনাও প্রতারণার অংশ হতে পারে।

একইভাবে এজেন্টের দেওয়া ভিসা অনুমোদনের চিঠি দেখেই নিশ্চিন্ত হওয়া উচিত নয়। চিঠিটি ইমিঅ্যাকাউন্টের বার্তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। প্রয়োজনে অস্ট্রেলীয় সরকারের ‘ভিসা এনটাইটেলমেন্ট ভেরিফিকেশন অনলাইন’ (ভিভো) ব্যবস্থার মাধ্যমেও ভিসার অবস্থা ও শর্ত যাচাই করা যায়।

অস্ট্রেলীয় হাইকমিশনের পরামর্শ অনুযায়ী, ভিসার বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করা উচিত। কোনো এজেন্টকে অর্থ দেওয়ার আগে তার নিবন্ধন, সেবার শর্ত এবং ফি সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাংক হিসাব বা সন্দেহজনক মাধ্যমে টাকা পাঠানোর বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া ভিসা আবেদনের কাগজপত্র, পাসপোর্টের তথ্য, আবেদন নম্বর কিংবা সরকারি দপ্তরের পাঠানো ব্যক্তিগত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকেও বিরত থাকা উচিত। এসব তথ্য ব্যবহার করে প্রতারকেরা আবেদনকারীর অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করতে পারে।

ভিসা জালিয়াতি বা সন্দেহজনক মাইগ্রেশন কার্যক্রম সম্পর্কে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ‘বর্ডার ওয়াচ’ ব্যবস্থায় অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও অবহিত করা যেতে পারে।

RELATED ARTICLES

Most Popular