ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।
পুলিশের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে, আজ সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালেব নিহত হয়। ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাঈদ খোকনসহ ১৭৬ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।
