Homeসারাদেশউপজেলা হাসপাতালগুলোর অর্ধেক চিকিৎসকের পদ শূন্য

উপজেলা হাসপাতালগুলোর অর্ধেক চিকিৎসকের পদ শূন্য

বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে প্রায় অর্ধেক চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের মোট পদ রয়েছে ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদে চিকিৎসক কর্মরত আছেন, আর ৬ হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে।

সে হিসাবে, উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে লিখিত উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের পদ রয়েছে ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য। স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি পদও শূন্য রয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার সারা দেশের সব শিশুকে টিকা দিচ্ছে। হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। তবে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ শিশু, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে, বিশেষ করে পুরুষদের হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে মাঠপর্যায়ে পরিদর্শনের ভিত্তিতে সরকার ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। এর মধ্যে নবায়ন করা ও নতুন লাইসেন্স—দুই ধরনেরই অনুমোদন রয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে কর্তৃপক্ষ আর্থিক জরিমানা করেছে এবং ২৫০টি প্রতিষ্ঠান সিলগালা করেছে। এ ছাড়া প্রায় ৫০০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular