কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও কলের মাধ্যমে উত্তর কোরিয়ার হ্যাকাররা ৪০ কোটি ডলারের বেশি অর্থ চুরি করেছে বলে দাবি করেছে মর্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পরিচয় চুরির পাশাপাশি এআইয়ের মাধ্যমে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরিও করছে হ্যাকাররা।
এফবিআইয়ের সাইবার শাখার পরিচালক ব্রেট লেদারম্যান এএফপিকে বলেন, ‘অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নে উত্তর কোরিয়ার সরকার বড় পরিসরে ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে তারা এভাবে শত শত কোটি ডলার চুরি করেছে।’
এফবিআইয়ের অভিযোগ, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকাররা দায়ী।
তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।
এফবিআই জানিয়েছে, বাইন্যান্সে সাইবার হামলার ঘটনা ছাড়াও উত্তর কোরীয় হ্যাকাররা প্রতারণামূলক সামাজিক কৌশল ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব খাতের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।
এফবিআই এই প্রতারণার নাম দিয়েছে ‘ফেসস্টিলার’। গত ১৮ মাসে এই কৌশলে ৪০ কোটি ডলারের বেশি অর্থ চুরি হয়েছে বলে দাবি তাদের।
ফেসস্টিলার চক্রের হ্যাকাররা প্রথমে ভুক্তভোগীর পরিচিত কারও ছদ্মবেশ ধারণ করে তাকে ভিডিও কলে অংশ নিতে প্রলুব্ধ করে। এ সময় বিশ্বাস অর্জনের জন্য এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ব্যবহার করা হয়।
এরপর হ্যাকাররা ভিডিও কলে একটি ভুয়া কারিগরি ত্রুটির কথা জানায়। সেটি সমাধানের জন্য ভুক্তভোগীকে একটি লিংকে ক্লিক করতে বা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। এর মাধ্যমে তার ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল করে।
ভুক্তভোগীর যোগাযোগের তালিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপের তথ্য হাতিয়ে নিয়ে হ্যাকাররা তার পরিচয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করে। এভাবে পরবর্তী ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলা হয়।
এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, ‘ফেসস্টিলার অত্যন্ত কার্যকর একটি সামাজিক কৌশল। এর মাধ্যমে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ও সচেতন কম্পিউটার ব্যবহারকারীকেও প্রতারিত করা সম্ভব।’
তিনি বলেন, ‘এটি আমাদের বহুল ব্যবহৃত ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর থাকা বিশ্বাসকে কাজে লাগায়। আপনি যদি মনে করেন, এমন প্রতারণার শিকার হওয়ার মতো কোনো পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি হবে না, তাহলে ভুল ভাবছেন।’
এফবিআই জানিয়েছে, ফেসস্টিলারের শিকার ব্যক্তিদের ৯০০টির বেশি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে তারা।
