ইরানে জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড ছড়িয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তুরস্কে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলায় পাঁচ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় নির্গত হয়েছে আরও ১০ লাখ টন।’
গত ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগারে এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এসব হামলা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক প্রচেষ্টার বিপরীত বলে উল্লেখ করেন পেজেশকিয়ান।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে বলে সম্মেলনে অভিযোগ করেন পেজেশকিয়ান।
ইরানে সংরক্ষিত প্রাকৃতিক এলাকা ও পরিবেশ রক্ষীদের কার্যালয়ে হামলার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘এসব হামলায় প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি তৈরি করেছে।’
এ সময় গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানেরও নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। বলেন, ‘অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের কারণে পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে গাজা।’
আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিভুক্ত করা উচিত।’
পাশাপাশি ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
