Homeসারাদেশরাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের এলাকা থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বস্তু দুটি পাওয়া যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বিমানবন্দরের সামনে সন্দেহজনক বস্তু দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় একজন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেন।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণ পর আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে বস্তু দুটি নিষ্ক্রিয় করে।

গাজিউর রহমান বলেন, ‘এগুলো বিস্ফোরক হওয়ায় বহন করা ঝুঁকিপূর্ণ হতো। আমরা তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করেছি।’

‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে’, বলেন তিনি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধারের সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার জন্য মন্ত্রীকে পেছনের গেট দিয়ে বের করা হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular