Homeসারাদেশগাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিক অসন্তোষের ঘটনায় ১১টি পোশাক কারখানায় আজ মঙ্গলবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকাল থেকে গাজীপুরের নাওজোর, কোনাবাড়ীর জরুন ও সদর এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে পরিস্থিতি বিবেচনায় এসব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানাগুলোর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজীপুর সদরের কয়েকটি কারখানার শ্রমিকদের কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, ১১টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার কারখানাগুলো যথারীতি খোলা থাকবে।

তিনি বলেন, একাধিক স্থানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আজকের আন্দোলনের কারণ জানতে চাইলে পুলিশ সুপার বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন।

তবে এ বিষয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

RELATED ARTICLES

Most Popular