লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়দের হাতে আটক সাইফুল ইসলাম সুজন আসলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ (৩০)। পুলিশের তদন্তে তার আসল পরিচয় বেরিয়ে এসেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়ার আগে প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে উপজেলার উত্তর চরবংশী এলাকায় বসবাস করছিলেন মামুন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
গত ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেন। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
তখন তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদরে বলে দাবি করেছিলেন।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়। তিনি বলেন, আটকের পর সে ভুয়া পরিচয় দিয়েছিল। কিন্তু রিমান্ডে আমরা নিশ্চিত হয়েছি যে সে নব্য জেএমবির সদস্য ‘বোমারু মামুন’।
পরে চরবংশী এলাকায় মামুনের ভাড়া বাসা থেকে ১১টি আইইডি উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকে যাওয়া পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) বোমাগুলো নিষ্ক্রিয় করেছে।
পরিদর্শক আবদুল মান্নান বলেন, প্রায় দেড় থেকে দুই মাস আগে পরিচয় লুকিয়ে বাড়িটি ভাড়া নেন মামুন। নদীর চরে মুরগির খামার করবেন জানিয়ে এক নারী ও এক পুরুষকে নিয়ে সেখানে বসবাস করছিলেন তিনি।
ডিএমপির এসআরইউর এক কর্মকর্তা জানান, মামুনের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের আগস্টে পান্থপথের হোটেল ওলিওতে আত্মঘাতী হামলার ঘটনায় ওই বছরের ৩১ ডিসেম্বর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার বয়স ছিল ২১ বছর। তখন তাকে নব্য জেএমবির শুরা সদস্য এবং ওই হামলার বোমা প্রস্তুতকারী হিসেবে চিহ্নিত করে পুলিশ।
জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জামিনে কারামুক্ত হন তিনি।
পুলিশের তদন্তকারীরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে মামুন ও তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের বেশ কিছু বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
এর মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা।
এ ছাড়া গত জুলাইয়ে উল্টো রথযাত্রার সড়কে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর লুকিয়ে রাখা পাইপবোমা এবং আশুলিয়ার চাড়াবাগের একটি চায়ের দোকানে ফেলে যাওয়া প্রেশার কুকার বোমার পেছনেও তাদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত আগস্টে সাভার থেকে বোমা ও বিস্ফোরক সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া আরিফের গুরু ও প্রশিক্ষক এই ‘বোমারু মামুন’।
