Homeস্পোর্টসসাফ ব্যর্থতার পরও ডুলিকে আরও সময় দিতে চায় বাফুফে

সাফ ব্যর্থতার পরও ডুলিকে আরও সময় দিতে চায় বাফুফে

ঘরের মাঠে ২৩ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে। ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছেন জাতীয় দলের কোচ টমাস ডুলিও। তার দল নির্বাচন থেকে শুরু করে খেলোয়াড়দের পজিশন বদল, গোলরক্ষক নির্বাচন, সবকিছু নিয়েই উঠেছে প্রশ্ন।

এমন পরিস্থিতিতে জার্মান-আমেরিকান এই কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আপাতত ডুলিকে বিদায় করার পথে হাঁটতে চাইছে না সংস্থাটি। বরং আরও কিছুদিন তাকে সুযোগ দেওয়ার পক্ষেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভায় ডুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। তবে ৬৫ বছর বয়সী এই কোচকে রাখা হবে, নাকি বিদায় দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও একটি সভা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা। যদিও সভাসংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, ডুলিকে আরও সময় দেওয়ার দিকেই ঝুঁকে আছে বাফুফে।

সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল হজম করতে হয় স্বাগতিকদের। তবে শুধু সেই ভুল নয়, পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স এবং ডুলির বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে।

জাতীয় দল কমিটির সভার আগে সাফে দলের পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়েছেন ডুলি। তার দাবি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কয়েকটি মুহূর্ত ছাড়া বাংলাদেশ ভালোই খেলেছে। শেষ দিকে শ্রাবণের ভুলই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে বলে মনে করেন তিনি।

তবে শুধু মাঠের পারফরম্যান্সের ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না জাতীয় দল কমিটির কয়েকজন সদস্য। সভায় ডুলির কাছে বেশ কিছু সিদ্ধান্তের কারণ জানতে চেয়েছেন মনজুরুল আলম, সাঈদ হাসান কানন ও ইমতিয়াজ হামিদ সবুজ।

বিশেষ করে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি গোলরক্ষক পজিশন সামলানোর কৌশল এবং চোটে থাকা খেলোয়াড়দের দলে রাখার বিষয়েও জানতে চাওয়া হয়েছে। চোট নিয়েও তপু বর্মণ ও সোহেল রানাকে কেন দলে রাখা হয়েছিল, সে প্রশ্নও উঠেছে সভায়।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এসব প্রশ্নের জবাব দিয়েছেন ডুলি। ফিফা আসিয়ান কাপের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন তিনি। কোচ স্বীকার করেছেন, ওই প্রতিযোগিতার ফলের কারণে খেলোয়াড় ও সমর্থকদের অনেকে তাঁর ওপর আস্থা হারিয়ে থাকতে পারেন। যদিও প্রতিযোগিতাটিতে অংশ নেওয়ার ব্যাপারে শুরু থেকেই তাঁর অনাগ্রহ ছিল।

তবে আসিয়ান কাপের পারফরম্যান্স বাদ দিলে নিজের অধীনে বাংলাদেশের ফলকে ইতিবাচকভাবেই দেখছেন ডুলি। সভায় তিনি তুলে ধরেছেন, ওই প্রতিযোগিতা বাদে তাঁর অধীনে চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।

সভায় নিজের কাজের মূল্যায়ন তুলে ধরে আট থেকে নয় পৃষ্ঠার একটি প্রতিবেদনও জমা দিয়েছেন ডুলি। সেটি পর্যালোচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা।

সভাসংশ্লিষ্ট সূত্রটি বলেছে, ‘কোচ আট-নয় পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছেন। সবাই সেটি ভালোভাবে পর্যালোচনা করতে চান। পাশাপাশি কমিটির সদস্য ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের মতামতও নেওয়া হবে। এরপর পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

তবে কোচের ভবিষ্যৎ নিয়ে বাফুফে সভাপতির অবস্থানেরও ইঙ্গিত দিয়েছেন ওই সূত্র। তার ভাষায়, ‘সভাপতি সম্ভবত কোচকে আরও কিছুটা সময় দিতে চান। কারণ, ডুলি আক্রমণাত্মক ফুটবল খেলান।’

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের প্লে-অফ খেলবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সেই ম্যাচগুলোর আগে কোচ পরিবর্তনের ঝুঁকি নিতে চাইছেন না তাবিথ। যদিও সভায় তিনি জানিয়েছেন, ডুলির বর্তমান চুক্তি বাতিল করে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিলেও তার আপত্তি নেই।

অর্থাৎ কোচ পরিবর্তনের পথ একেবারে বন্ধ রাখছে না বাফুফে। তবে বিশ্বকাপ বাছাইয়ের আগে নতুন কোচ এনে দলকে গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না, সেটিও বিবেচনায় আছে।

এদিকে শনিবারের সভায় শুধু প্রধান কোচের ভবিষ্যৎই নয়, জাতীয় দলের স্থানীয় কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতির বিষয়টিও আলোচনায় এসেছে। জাতীয় দলের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে কোচ, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য একটি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি।

RELATED ARTICLES

Most Popular