Homeসারাদেশসংলাপের পেছনে অসৎ উদ্দেশ্য যেন না থাকে, প্রত্যাশা জামায়াতের

সংলাপের পেছনে অসৎ উদ্দেশ্য যেন না থাকে, প্রত্যাশা জামায়াতের

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে স্বাগত জানালেও এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য যেন না থাকে, সেই প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্য কোনো উদ্দেশ্যে যেন কেউ এই ভালো উদ্যোগকে নষ্ট না করে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সংলাপের বিষয়ে দ্য ডেইলি স্টারকে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের গণতন্ত্র, রাজনৈতিক পরিস্থিতি, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী জনগণের চিন্তা-চেতনার ঐক্যের দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত।

তবে উদ্যোগটি শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেটি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতেও বিভিন্ন সময়ে সংলাপ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সরকার যখন সেগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী পরিচালনার চেষ্টা করেছে, তখনই সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘এবার যদি সবাইকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা থেকে উদ্যোগটি নেওয়া হয়, তাহলে তা ভালো হবে। আমরা বিষয়টি ইতিবাচকভাবেই দেখতে চাই,’ বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘উদ্যোগটির উদ্দেশ্য সত্যিকার অর্থে ভালো হলে আমরা চাই, এটি সফল হোক। তবে কোনো অসৎ উদ্দেশ্য যেন এর পেছনে না থাকে কিংবা কেউ যেন অন্য কোনো উদ্দেশ্যে এই ভালো উদ্যোগটি নষ্ট না করে, সেটিও আমাদের প্রত্যাশা।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, দলটি এখনো সংলাপের তারিখ বা আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পাওয়ার পর তাতে অংশ নেবে কি না এবং কীভাবে অংশ নেবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংলাপে গেলে দলের বক্তব্য কী হবে, সেটিও সরকারের আলোচ্যসূচি ও সংলাপের শর্তাবলির (টার্মস অব রেফারেন্স) ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

আজ রোববার বিকেল পৌনে চারটা পর্যন্ত জামায়াত আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানান গোলাম পরওয়ার।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস এবং এই বলয়ের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমন্ত্রণ না পাওয়ায় সংলাপে অংশগ্রহণের বিষয়ে তারাও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ফ্যাসিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং সরকারের আহ্বানে সাড়া দেবেন।

তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার ওপর জোর দেন তিনি। এসব দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার বিচার। সংলাপের সুযোগ পেলে দাবিগুলো তুলে ধরবেন বলেও জানান তিনি। বলেন, ‘এসব দাবির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন কোনো কার্যক্রম হওয়া উচিত নয়, যেন ফ্যাসিবাদের ফিরে আসার পথ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রস্তাবিত সংলাপ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অভিন্ন ঐক্যের জায়গাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে আমন্ত্রণ পেলে সংলাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি।

এদিকে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।

দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে রোববার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে এনসিপি। তবে প্রতিনিধিদলের চার সদস্যের নাম এখনো চূড়ান্ত হয়নি।

সারোয়ার তুষার জানান, আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির অবস্থান, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি তুলে ধরবে এনসিপি। দলটির মতে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টিও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়ার পর গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতার ঘটনা ঘটে।

এরপর বিভিন্ন স্থানে ককটেল হামলার পাশাপাশি যানবাহন, পুলিশের স্থাপনা, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ।

এমন পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।

একই দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন।

এর ধারাবাহিকতায় আগামী কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular