সিরাজগঞ্জকে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ শনিবার সিরাজগঞ্জে আয়োজিত চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
‘একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব,’ বলেন মুহিত।
বিনামূল্যে ৫০ হাজার অস্ত্রোপচার করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী দুই বছরে প্রতি মাসে দুই হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।
মুহিত আরও বলেন, ‘এ কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে পাঁচ থেকে ছয় লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে তিন থেকে চার লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘গত ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্য বিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের দুই কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন।’
‘পাশাপাশি এক কোটি মানুষকে চশমা ও ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।’
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’।
এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
