চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হলেও বিষয়টি আজ শনিবার জানা গেছে।
এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
কারাগারে যাওয়া তিনজন হলেন—চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। ফরহাদুল ও শহিদুল অস্থায়ী কর্মচারী।
ফল জালিয়াতির অভিযোগে শিক্ষা বোর্ডের করা মামলার এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়নি। তবে সিআইডি জানিয়েছে, তদন্তে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফলাফল জালিয়াতির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলাটি করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। এতে বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন ওরফে রায়হান ও এক শিক্ষার্থীকে আসামি করা হয়।
এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থী ১০ বিষয়ে অকৃতকার্য হয়। তবে নম্বর পরিবর্তনের পর প্রকাশিত ফলে তার জিপিএ আসে ৪ দশমিক ৯৪। উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ ও গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেওয়া হয়। অন্য বিষয়েও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, পুনর্নিরীক্ষণের সময় উত্তরপত্রের নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অসংগতি ধরা পড়ে। এরপর বোর্ড অভ্যন্তরীণ তদন্ত ও ওই শিক্ষার্থীর ফল স্থগিত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মামলা করা হয়।
