পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষ আগামী ২৩ নভেম্বর দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
আজ শনিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখে সভা হবে, সেটি আমরা আগেই ঘোষণা করেছি। ২৩ তারিখে মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। আমার যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করব।’
এর আগে, মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া, বেতন ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন তারা।
পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণের জন্য শ্রমিক ও মালিক—দুই পক্ষের সঙ্গেই কথা বলছেন তারা। শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন, পরিবারের কতজন তাদের আয়ের ওপর নির্ভরশীল, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সমস্যা ও সুবিধাগুলো জানার চেষ্টা চলছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে হয়ত পিছিয়ে যাচ্ছে বা অসহযোগিতা করছে। তবে কোনো পক্ষ থেকেই তার ওপর চাপ নেই। বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল। বিষয়টি তিনি আগেই ব্যাখ্যা করেছেন।
মজুরি বোর্ড গঠনের বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। এর তিন দিনের মাথায়, ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের কাজ শেষ করতে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলাদা ও সম্মিলিত ভূমিকা রয়েছে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আলাদা প্রস্তাব এলে সেগুলো পর্যালোচনা করতে সময় লাগে। এটি শ্রমসাধ্য কাজ হলেও তারা দিনরাত কাজ করছেন।
