Homeস্পোর্টস৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক

চোটের কারণে মিরপুর টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিম সিলেট টেস্টে ফিরে আরেকটি বিশাল অর্জনের মালিক হলেন। বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই অভিজ্ঞ ব্যাটার।

সোমবার সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনে সাত হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে অনন্য উচ্চতায় উঠে যান এই সংস্করণে বাংলাদেশের সফলতম ব্যাটার।

এই ম্যাচের আগে সাদা পোশাকের ক্রিকেটে সাত হাজার রান থেকে মাত্র ৪৩ রান দূরে ছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। প্রথম ইনিংসে ৩৪ রানে আউট হয়ে যাওয়ায় অপেক্ষা বাড়ে তার। দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৯ রান নিয়ে মাইলফলক ছুঁয়েছেন তিনি।

সাত হাজার রান পূর্ণ করতে মুশফিকের লাগল ১০৪ টেস্টের ১৯৭ ইনিংস। সিলেট টেস্টের আগে খেলা ১০৬ ম্যাচের ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে তার সংগ্রহ ছিল ছয় হাজার ৯৫৭ রান। তার নামের পাশে সেঞ্চুরি ১৪টি ও ফিফটি ৩০টি।

এই ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশকে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনেই ৪০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকদের হয়ে প্রতিরোধ গড়ার লড়াইয়ে আছেন মুশফিক। তার সঙ্গী প্রথম ইনিংসে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়।

RELATED ARTICLES

Most Popular