চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
তবে, এইচএসসি ও সমমানের এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় জিপিএ শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
আজ বুধবার চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সুযোগ দিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়—এই তিনটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা তিনটি ক্যাম্পাসে একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক মোহাম্মদ আল-আমিন বলেন, ‘যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করবে তারা চবিতে ভর্তির আবেদনের সুযোগ পাবেন।’
‘তাদের আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেজন্য আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে,’ বলেন তিনি।
