আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের জার্সিতে দুই ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্তভাবে ছন্দে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র। জাতীয় দলের হয়ে এই ঝলক দেখানোর পর রিয়াল মাদ্রিদের হয়েও পুরনো রূপে ফেরার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি মৌসুমের শুরুতে নিজের ছন্দহীনতার ভুল অকপটে স্বীকার করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তার মতে, শীর্ষ পর্যায়ে দিনের পর দিন একই মান ধরে রাখা কেবল লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর পক্ষেই সম্ভব।
সাংবাদিকদের ভিনি বলেন, ‘আমার মনে হয় কেবল ক্রিস্তিয়ানো রোনালদো এবং (লিওনেল) মেসিই এত বছর ধরে একই রকম পরিসংখ্যান ধরে রেখে শীর্ষে থাকতে পেরেছেন। আমি মানুষ, প্রায়ই ভুল করি, তবে সবসময় উন্নতি করার চেষ্টা করি।’
ভিনিসিউসের সাহায্য ছাড়াই লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তা ভিগোকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচ জিতে সাময়িকভাবে কাতালান জায়ান্টদের পাশে বসার সুযোগ রয়েছে তাদের সামনে। প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টানার অপরাধে ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে খেলার লড়াইয়ে আছেন ভিনিসিয়ুস।
ভিনির অনুপস্থিতিতে জোসে মরিনিয়োর দল কাম্প নউয়ে এল ক্লাসিকোতে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়েছে। পাশাপাশি সেভিয়া, রেসিং সান্তান্দের ও ভালেন্সিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়েছে তারা।
এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স ও আরবি লাইপজিগের বিপক্ষে মাদ্রিদের জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু গত কয়েক বছর ধরে যে ফর্ম তাকে লস ব্লাঙ্কোসদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছিল, তা তিনি খুঁজে পাননি।
২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ভিনিসিয়ুস বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২২ ও ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
তবে চলতি মৌসুমে ফর্মের জন্য বেশ সংগ্রাম করতে হচ্ছে এই ব্রাজিলিয়ানকে। মাদ্রিদের জার্সিতে একমাত্র গোলটি এসেছে গত অগাস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
এরই মধ্যে মাদ্রিদের রেকর্ড সাইনিং ইয়ান দিওমান্দে নতুন ক্লাবে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন। সবশেষ আট ম্যাচে চার গোল করে বাঁ প্রান্তের উইং পজিশনে নিজের দাবি জোরালো করেছেন তিনি।
আন্তর্জাতিক বিরতিতে সাবেক মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের জার্সিতে স্বস্তি খুঁজে পান ভিনিসিউস। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাঁচ গোল করে নিজেকে নতুন করে ফিরে পান তিনি। জাতীয় দলের এই পারফরম্যান্সকে ঘরোয়া ফুটবলের ছন্দে ফেরার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান এই ফরোয়ার্ড।
গত গ্রীষ্মে মাদ্রিদ ছাড়ার জোর গুঞ্জন চললেও শেষ পর্যন্ত ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেন ভিনিসিয়ুস। তবে স্বীকার করেছেন যে, ওই সময়টায় নিজের মান ধরে রাখতে পারেননি।
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্লিং হলান্ডের নরওয়ের কাছে হেরে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় তার ওপর বড় প্রভাব ফেলেছিল।
ভিনিসিউস বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপের পর আমি নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারিনি, যেমনটা করা উচিত ছিল। কারণ সব ব্রাজিলিয়ানের জন্যই ওই টুর্নামেন্টের প্রভাব অনেক গভীর… এত দ্রুত বিদায় নেওয়াটা আমাদের প্রত্যাশায় ছিল না।’
‘ছুটির সময়টা আমি উপভোগ করেছি, বিশ্রাম নিয়েছি এবং পরিবারকে বেশি সময় দিয়েছি। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনুশীলন কম করা হয়ে গেছে।’
ভিনিসিউস জানান, ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তাকে ‘বিপর্যস্ত’ করে তুলেছিল।
