Homeস্পোর্টসপ্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ

প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে মহাবিপদে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়াদের তোপে কাঁপছে বাংলাদেশের ইনিংস।

সোমবার বৃষ্টিতে দিনের প্রথম দেড় সেশন ভেসে যাওয়ার পর শুরু হয় খেলা। টস হেরে ব্যাটিং পাওয়া নাজমুল হোসেন শান্তর দল খাবি খাচ্ছে। এক সেশন ব্যাট করে ২৭ ওভারে ৮৫ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে তারা।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে আছেন জাকের আলি অনিক। টেল-এন্ডারদের নিয়ে লড়াই করতে হবে তাকে।

ইয়ানসেন ১৩ রানে ২, নরকিয়া ১০ রানে ২ উইকেট নেন। ভিয়ান মুল্ডার ও সাইমন হার্মার পান একটি করে উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পতন শুরু। ইয়ানসেনের বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন তানজিদ হাসান তামিম। মাহফিজুল ইসলাম রবিন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি পাওয়ার পর মনে হচ্ছিলো ভালো কিছু করতে পারেন। কিছু বলে পরাস্ত হলেও থিতু হয়ে পড়েছিলেন তিনি। 

তবে প্রথম বোলিং চেঞ্জেই কাবু রবিন। নরকিয়ার ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়েও স্টাম্প বাঁচাতে পারেননি ডানহাতি ব্যাটার (২৩)। নরকিয়া এক বল পরই অধিনায়ক শান্তকে ছাঁটেন একইভাবে। বাঁহাতি শান্ত নরকিয়ার লাইনই বুঝতে পারেননি। 

৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তুলতে তখন ভার মুমিনুল হক ও তাওহিদ হৃদয়ের পর। ছন্দ হারানো মুমিনুল থিতু হয়েও আউট হন আগের ম্যাচের মতো। মিডিয়াম পেসার ভিয়ান মুল্ডারের বল স্টাম্পে টেনে বোল্ড তিনি। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস বাজে শটে ইয়ানসেনের বলে ধরা দেন গালিতে। আগের ম্যাচের আরেক সেঞ্চুয়ারিয়ান হৃদয়ও বিদায় নেন ছটফট করে। হার্মারের অফ স্পিনে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ধরা দেন ১৯ করা হৃদয়। এতে ৮৫ রানে পড়ে ৬ উইকেট।

 

RELATED ARTICLES

Most Popular