Homeআন্তর্জাতিকইসরায়েলের মাটিতে এক আরব ‘জলপাই’ গাছের গল্প

ইসরায়েলের মাটিতে এক আরব ‘জলপাই’ গাছের গল্প

এটি একটি ‘জলপাই’ গাছের গল্প। কারও কাছে ‘অলিভ’, কারও কাছে ‘জয়তুন’। বাংলার জলপাই আর ভূমধ্যসাগর তীরের জয়তুন দুটি আলাদা ফল। তবে বাংলার মানুষ ইংরেজি শব্দ ‘অলিভ’ ও আরবি ‘জয়তুন’ বলতে জলপাইকেই বোঝে।

ব্রিটানিকার তথ্য বলছে—সেমেটিক জাতি খ্রিষ্টপূর্ব প্রায় ৩ হাজার বছর আগে জলপাই চাষ করতেন। তারপর সেখান থেকে ভূমধ্যসাগরের কিনার ধরে প্রতিবেশী দেশগুলোয় জলপাই চাষ ছড়িয়ে পড়ে।

অবাক করা তথ্য হচ্ছে: উচ্চতায় ১০ থেকে ৪০ ফুটের জলপাই গাছের অগণিত শাখা থাকে। জলপাই গাছ সহজে মরতে চায় না। যদি জলপাই গাছের মগডাল মরে যায় তাহলে শেকড় থেকে নতুন গাছের জন্ম হয়।

অনেকে জলপাই গাছের সঙ্গে আরব-ফিলিস্তিনিদের টিকে থাকার বিষয়টি মিলিয়ে দেখেন। তাদের মতে, অনেক প্রতিকূলতার মধ্যে জলপাই গাছ যেমন টিকে থাকতে পারে, তেমনি আরব-ফিলিস্তিনিরাও টিকে থাকতে পারে ভীষণ বৈরী পরিবেশেও। তাই কারও কারও কাছে জলপাই গাছ হচ্ছে আরব-ফিলিস্তিনিদের টিকে থাকার প্রতীক।

পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী ফিলিস্তিন অঞ্চলে প্রধান ফসল জলপাই। নিজেদের বাগানের জলপাই সংগ্রহ করতে ফিলিস্তিনিদের লড়াই করতে হয় ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ অভিবাসী ইহুদি সন্ত্রাসীদের বিরুদ্ধে। দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের সহযোগী অবৈধ অভিবাসী ইহুদি সন্ত্রাসীদের হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার সংবাদ মাঝেমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়।

তবে এই সংঘাত আজকের নয়। মোটা দাগে, এই সংঘাতের শুরু ১৯০০ সালের দিকে।

১৮৯৭ সালের আগস্টে সুইজারল্যান্ডের বাসেল শহরে আধুনিক জায়নবাদীদের প্রথম সম্মেলনের পর জন্ম নেয় ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন। পাশাপাশি যেন রচিত হয় ফিলিস্তিনিদের দুর্ভাগ্যের দীর্ঘ ইতিহাস।

জায়নবাদীদের প্রথম সম্মেলনের প্রায় ৫০ বছরের মাথায় আসে ‘নাকবা’, মহাবিপর্যয়। অর্থাৎ, ১৯৪৮ সালে ফিলিস্তিন অঞ্চলে আরবদের প্রবল আপত্তি সত্ত্বেও ইহুদিদের জন্য পৃথক আবাসভূমি হিসেবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে তা সেখানকার আদিবাসী ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে আনে।

প্রায় ৩ হাজার বছর ধরে ফিলিস্তিন হিসেবে পরিচিত অঞ্চলটিতে ইসরায়েল প্রতিষ্ঠার জন্য হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা ও লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়।

ইহুদিদের দাবি, সেই জায়গা তাদের পূর্বপুরুষদের। ফিলিস্তিনিদের দাবি, তারাই সেখানকার আদি বাসিন্দা।

যে ইহুদিরা ইউরোপে খ্রিষ্টানদের হাতে নির্যাতিত হয়েছিলেন, আরবরা সেই ইহুদিদের নিজেদের জায়গায় থাকার অনুমতি ও নিজেদের খাবার ভাগ করে খেলেও পরবর্তীতে সেই ইহুদিরা তাদের হত্যাকারী ও বসতবাড়ি জমিজমা দখলকারী হিসেবে আবির্ভূত হন।

প্রায় ১০০ বছর ধরে ইহুদিদের সেই নিপীড়ন অব্যাহত আছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে নাৎসি বাহিনীর হাতে ব্যাপকহারে ইহুদি নিধনের ঘটনা ঘটে। হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া ইহুদিরা ফিলিস্তিনে এসে আরবদের ওপর একই রকমের হত্যাযজ্ঞ চালায়। আদিবাসী আরবদের জমিকে ‘প্রায় ৩ হাজার বছর আগে ফেলে যাওয়া ইহুদিদের জমি’ বলে দখল করে নেয়।

ক্রমাগত উচ্ছেদের মাধ্যমে অভিবাসী ইহুদিরা আদিবাসী ফিলিস্তিনিদের উদ্বাস্তু জাতিতে পরিণত করেছে। শুধু তাই নয়, ১৯৪৮ সালের সেই মহাবিপর্যয়ের ভেতর দিয়ে আজো যেতে হচ্ছে ফিলিস্তিনিদের। এর সবচেয়ে বড় উদাহরণ গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা।

এই লেখাটি মূলত ইসরায়েল রাষ্ট্র তথা জাতিসংঘের তথাকথিত ‘গ্রিন লাইনের’ ভেতর বসবাসকারী ফিলিস্তিনিদের টিকে থাকার বিষয়ে।

বিশেষ করে, গত ২৭ অক্টোবর ইসরায়েলের আইনসভা নেসেট নির্বাচনে আরবদের উল্লেখযোগ্য সংখ্যক আসন পাওয়ায়, দীর্ঘ ৭৮ বছর পর আরব প্রসঙ্গ আবারও বিশ্বমঞ্চে স্বমহিমায় আলোচিত হচ্ছে।

ইসরায়েল রাষ্ট্র নিয়ে কথা বললে যে মানুষটির নাম প্রথমে বলতে হয় তিনি অস্ট্রো-হাঙ্গেরিয়ান ইহুদি সাংবাদিক থিওডর হারজল। তাকে ইহুদিদের জাতীয়তাবাদী আন্দোলনের প্রবক্তা বা আধুনিক রাজনৈতিক জায়নবাদের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি বাসেলে জায়নবাদীদের প্রথম সম্মেলনটির আয়োজন করেছিলেন। পরে, ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের প্রথম সভাপতি হন।

জোরপূর্বক ইসরায়েল প্রতিষ্ঠার ৪০ বছর আগে মারা গেলেও হারজল বিশ্বব্যাপী জায়নবাদের প্রচারণা ও প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। ২০২৫ সালের ২ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত ‘অফিস আওয়ার’ পডকাস্টে গবেষক ও ঐতিহাসিক রয় কাসাগরান্দ্রা বলেন, থিওডর হারজলের ইচ্ছা ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গড়ে তোলা হোক।

তিনি আরও বলেন, হারজলের আগ্রহ ছিল পূর্ব আফ্রিকার উগান্ডায় ইহুদিরাষ্ট্র গড়ে উঠুক।

‘এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের আরিজোনা ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কথাও আলোচনায় ছিল,’ উল্লেখ করে রয় কাসাগরান্দ্রা আরও বলেন, ‘অধিকাংশ জায়নবাদী ইহুদি তাদের প্রাচীন বাসস্থান হিসেবে পরিচিত ফিলিস্তিন অঞ্চলে ইহুদিরাষ্ট্র গড়ার প্রস্তাব দেন।’

এ কথা সবার জানা যে, ১৯৪৮ সালে ফিলিস্তিন অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। আদিবাসী ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে সারা পৃথিবীর নানান প্রান্ত থেকে ইহুদিদের এনে সেখানে বসতি করানো হয়। ফিলিস্তিনিদের প্রবল আপত্তি সত্ত্বেও সাম্রাজ্যবাদী ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনে ইহুদিরাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রতিক্রিয়া শুরু হয়েছিল ১৯৪৮ সালের আগেই।

প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী ব্রিটিশ বাহিনী পরাজিত তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিন অঞ্চল দখল করে। যুদ্ধ চলাকালে অর্থাৎ, ১৯১৭ সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর আচমকা ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র গড়ার ঘোষণা দেন। তখনো সেই অঞ্চলটি তুর্কিদের অধীনে ছিল।

বিশ্লেষকদের অনেকের মতে—এক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে অন্য সাম্রাজ্যবাদী শক্তি নতুন রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিতে পারে না। আন্তর্জাতিকভাবে তা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, ইসরায়েল রাষ্ট্র গড়ার প্রক্রিয়া ‘বেআইনিভাবে’ শুরু হয়েছিল।

দুনিয়াজুড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা শুধুমাত্র ইহুদিদের জন্য পৃথক দেশ বা ইসরায়েল রাষ্ট্রের প্রয়োজন আছে বলে মনে করেন, তারাই ‘জায়নবাদী’ বা ‘জায়নিস্ট’ হিসেবে পরিচিত। তাই, কোনো ব্যক্তি ইহুদি ধর্মাবলম্বী না হয়েও ‘জায়নবাদী’ হতে পারেন।

আবার চোখ ফেরানো যাক সুইজারল্যান্ডের দিকে। জানা যাক, বাসেল শহরে আধুনিক জায়নবাদীদের প্রথম সম্মেলনে পর জন্ম নেওয়া ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন সম্পর্কে।

ব্রিটানিকার তথ্য বলছে—১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের প্রাথমিক লক্ষ্য ফিলিস্তিনে ইহুদিরাষ্ট্র গড়া। এই আন্তর্জাতিক সংগঠনটি সেই লক্ষ্যে পৌঁছাতে রাজনৈতিক কৌশল প্রণয়ন করে।

১৯২৯ সাল থেকে এই সংগঠনটির প্রতিনিধিত্ব করতে জুইশ অ্যাজেন্সি প্রতিষ্ঠা করা হয়। এর কাজ পৃথিবীতে ছড়িয়ে থাকা ইহুদিদের নব গঠিত ইসরায়েল রাষ্ট্রে বসতি করতে সাহস জোগানো ও সহযোগিতা করা।

জানা যায়, জুইশ অ্যাজেন্সি ইহুদিদের ফিলিস্তিনে আনার বিষয়ে বিভিন্ন দেশের সরকারের সঙ্গে দরকষাকষি এবং তাদের কাছে ইহুদিদের স্বার্থ তুলে ধরার কাজে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পরও জুইশ অ্যাজেন্সি অন্যদেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসা, তাদের জন্য বসতি গড়া ও বিশ্বব্যাপী ইহুদিদের সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করছে।

আবারও একটু পেছনে ফেরা যাক। সবাই জানেন যে, ইসরায়েল রাষ্ট্রের কোনো আইনগত সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণার সময় এর ভৌগোলিক সীমানা উল্লেখ করা হয়নি। প্রতিষ্ঠার পর থেকেই দেশটি প্রতিবেশীদের ভূমি দখল করে নিজের ভৌগোলিক সীমানা ক্রমাগত বাড়িয়ে চলেছে।

ঐতিহাসিক তথ্য বলছে—১৯৪৭ সালে জাতিসংঘের ১৮১ রেজ্যুলেশনে ফিলিস্তিন ভূমিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। সেখান স্বাধীন ফিলিস্তিন ও ইসরায়েল প্রতিষ্ঠার পাশাপাশি জেরুসালেমকে বিশেষ আন্তর্জাতিক ব্যবস্থাপনার অধীনে রাখার কথা উল্লেখ আছে।

১৯৪৮ সালে ফিলিস্তিন অঞ্চলে প্রতিষ্ঠিত ইসরায়েল প্রতিষ্ঠার আগে অর্থাৎ, জাতিসংঘের ১৮১ রেজ্যুলেশনে ফিলিস্তিন, ইহুদিরাষ্ট্র ও জেরুসালেমের সীমানা সম্পর্কে একটি নির্দেশনা দেওয়া হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সীমানা ‘গ্রিন লাইন’ হিসেবে পরিচিত। সেই ‘গ্রিন লাইন’-এর ভেতরে থাকা অর্থাৎ, জাতিসংঘ ঘোষিত ইসরায়েলের ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনিরা আরব বা আরব ইসরায়েলি বা ফিলিস্তিনি-ইসরায়েলি হিসেবে পরিচয় দেন।

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক ইনস্টিটিউট ফর মিডলইস্ট আন্ডারস্ট্যান্ডিং-এর তথ্য অনুসারে—জাতিসংঘের ‘পার্টিশন প্ল্যানে’ ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চলের ৫৫ শতাংশ জমি ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) ও ৪২ শতাংশ জমি আরব রাষ্ট্রের (ফিলিস্তিন) জন্য রাখা হয়।

সেসময় ফিলিস্তিনের মোট জনসংখ্যার ৬৭ শতাংশ ছিলেন ফিলিস্তিনি এবং ৩৩ শতাংশ ছিলেন ইহুদি। তাদের অনেকে তখন ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি গড়েছেন মাত্র।

১৯৪৭ সালে ফিলিস্তিনের মোট ভূখণ্ডের প্রায় ৭ শতাংশ ছিল ইহুদিদের হাতে। অথচ, তাদেরকে দেওয়া হয় ৫৫ শতাংশ জমির মালিকানা।

এরপর ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর তথা ১৯৪৮ সালে প্রথম আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত পুরো ভূখণ্ড দখল করে নেয়। সেসময় ফিলিস্তিনিদের বড় অংশ জর্ডানের পশ্চিমতীর ও মিসরের গাজায় আশ্রয় নেন। কিন্তু, যারা ইসরায়েলের দখল করা ফিলিস্তিনে গণহত্যাসহ শত নির্যাতন সহ্য করেও থেকে যান, তারাই আজকের ইসরায়েলি-ফিলিস্তিনি বা আরব-ইসরায়েলি।

ঐতিহাসিকরা বলছেন: খ্রিষ্টপূর্ব প্রায় ৬০০ বছরে ব্যাবিলনের শাসকদের হাতে ইহুদিরা প্রথম নির্যাতিত হয়েছিল। সেসময় তাদের হাতে জেরুসালেমে ইহুদিদের ‘সোলায়মানের মন্দির’ ধ্বংস হয়। ব্যবিলনীয়দের হাত থেকে ইহুদিদের উদ্ধার করেন পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট। তিনি ইহুদিদের আবারও উপাসনালয় গড়ে তুলতে আর্থিক সহায়তা দেন।

এরপর রোমানদের হাতে ইহুদিরা দ্বিতীয়বার বড় আকারে নির্যাতিত হয়। বিজয়ী রোমানরা ইহুদিদের ধর্মীয় আচার অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চালায়। সেসময় ইহুদিরা ফিলিস্তিন অঞ্চল থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে রোমানদের হাত থেকে জেরুসালেমসহ ফিলিস্তিন অঞ্চল আসে মুসলিম শাসকদের নিয়ন্ত্রণে। মুসলমানরা সবসময় ইহুদিদের ‘নবী মুসার উম্মত’ হিসেবে শ্রদ্ধা করে এসেছে, বলে মত দেন ঐতিহাসিকদের অনেকে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের নানা প্রান্ত বিশেষ করে, ইউরোপ থেকে ফিলিস্তিন অঞ্চলে এসে বসতি গড়তে শুরু করে। ব্রিটিশদের আশ্রয়-প্রশ্রয়ে ইহুদিরা নিজেদের প্রতিরক্ষায় সশস্ত্র সংগঠন গড়ে তোলার পাশাপাশি ফিলিস্তিন অঞ্চল থেকে আরবদের উৎখাত-উচ্ছেদ শুরু করে।

ইহুদিরা তৃতীয়বারের মতো বড় আকারে নির্যাতনের শিকার হয় খ্রিষ্টপ্রধান ইউরোপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির নাৎসি বাহিনীর হাতে অন্তত ৬০ লাখ ইহুদি নিহত হন। সেসময় অনেক ক্ষতিগ্রস্ত ইহুদিকে ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলো আশ্রয় দিয়েছিল।

এমন বাস্তবতায় ব্রিটিশরা ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের অভিবাসন সীমিত করলে সশস্ত্র ইহুদিরা ব্রিটিশদের ওপর হামলা চালাতে শুরু করে। এরপর, ব্রিটিশরা ফিলিস্তিন অঞ্চল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৪৮ সালে বিশ্বশক্তিগুলোর সহায়তায় জাতিসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেওয়া হলে ইহুদি সশস্ত্র গোষ্ঠীগুলো দাবি করতে শুরু করে যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ‘৩ হাজার বছর পর নিজেদের দেশ স্বাধীন’ করেছে।

ঐতিহাসিকভাবে মুসলমানদের হাতে ইহুদিদের নির্যাতনের কোনো বড় ঘটনা না থাকলেও সভ্যতার এই সময়ে ইহুদিরা তাদের আশ্রয়দাতা মুসলমানদের ওপর গণহত্যা চালাতে দ্বিধা করছে না। তারা বর্তমানে মুসলিমদের একমাত্র শত্রু হিসেবে গণ্য করছে।

গবেষক রয় কাসাগরান্দ্রা বলেন—গত ৮০০ ধরে ইউরোপে ইহুদিরা নির্যাতিত হয়েছেন। সেখানে অর্থনৈতিক মন্দা, সংঘাত বা যেকোনো কিছুর জন্য ইহুদিদের দায়ী করা হতো। এমনকি, ইউরোপের প্রাকৃতিক দুর্যোগ দেখা গেলে এর জন্যও সেখানকার খ্রিষ্টানরা প্রতিবেশী ইহুদিদের দোষ দিতেন। পুরো ইউরোপে ইহুদিদের প্রতি খ্রিষ্টানদের প্রবল ঘৃণা ছিল।

এর পেছনে নানান কারণ থাকলেও খ্রিষ্টানদের অনেকের বক্তব্য ছিল: ইহুদিরা যিশুকে হত্যা করেছে। যদিও যিশু নিজেও ইহুদি ছিলেন, তারপরও ইউরোপজুড়ে ইহুদিদের প্রতি খ্রিষ্টানদের বিদ্বেষের কোনো কমতি দেখা যায় না।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ১০৯৬ সালে ইউরোপে শুরু হওয়া প্রথম ক্রুসেডে খ্রিষ্টানরা মুসলমানদের হত্যার পাশাপাশি অনেক ইহুদিকে হত্যা করেছিল। বিপরীতে, ফিলিস্তিন অঞ্চলে মুসলিম শাসনের সময় সেখানকার মুসলিম-খ্রিষ্টান-ইহুদিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বিশেষ করে, মুসলিমরা ইহুদিদের আপনজন হিসেবে সমীহ করতো।

জায়নবাদীরা মনে করেন, ফিলিস্তিন প্রকৃত মানুষের হাতে নেই। রয় কাসাগরান্দ্রার মতে, তা সত্য নয়। কেননা, ইউরোপের ইহুদিরা ফিলিস্তিনের প্রকৃত অধিবাসীদের বাস্তুচ্যুত করে সেখানে বসতি করেছে। তারা তা জানে।

থিওডর হারজল যখন জায়নবাদ তথা ইহুদিদের জন্য পৃথক আবাসভূমির ধারণা ইউরোপীয়দের কাছে তুলে ধরেন তখন ইউরোপের খ্রিষ্টান সরকারগুলো খুশি হয় এ কারণে যে, এর মাধ্যমে ইহুদিদের ইউরোপ থেকে বের করে দেওয়া যাবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানুষও ইহুদিদের গ্রহণ করতে অস্বীকার করে। কেননা, মার্কিনিরা ইহুদিদের ‘সন্ত্রাসী’ মনে করতো। পরে, তারা উচ্চশিক্ষিত ও ধনী ইহুদিদের গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।

রয় কাসাগরান্দ্রার মতে, জায়নবাদও এক ধরনের ইহুদিবিদ্বেষ। অন্যদিকে, ব্রিটিশদের কাছে ফিলিস্তিন অঞ্চল দখলের মানে হচ্ছে ক্রুসেডের সাফল্য। কেননা, এর মাধ্যমে জেরুসালেম তাদের হাতে আসে।

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনী কোনো ইহুদি-শিবিরে হামলা করেনি। তারাও চেয়েছিল নাৎসি বাহিনী যত বেশি সংখ্যায় পারে ইহুদিদের হত্যা করুক। যাতে, জায়নবাদীদের দাবি অনুসারে ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিটি প্রতিষ্ঠিত করা যায়।’

‘সবাই চেয়েছিলেন, হলোকাস্টকে ভীষণ বীভৎস করে তুলতে। বিশ্ববাসীর কাছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে যুক্তিসঙ্গত করতে।’

বিভিন্ন তথ্যে জানা যায়, ১৯৪৭ সালের মধ্যে ইহুদিরা আইনগতভাবে ফিলিস্তিন অঞ্চলের ৭ শতাংশ জমি কিনে ফেলে। তারা ফিলিস্তিন অঞ্চলে ৮০ শতাংশ জমি কেনার পরিকল্পনা করেছিল। সেই মোতাবেক চললে, ইহুদিদের কয়েক শ বছর লেগে যেত।

অনেকের হিসাবে, জাতিসংঘ ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের ৫৫ শতাংশ ও ফিলিস্তিনিদের ৪৫ শতাংশ ভূমি দেয়। ইহুদিরাষ্ট্র থাকবে শুধু ইহুদিদের জন্য এবং ফিলিস্তিন হবে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের জন্য। ইহুদিরাষ্ট্রে ২০ শতাংশ আরব রাখার পরিকল্পনাও ছিল। এই আরবদের শ্রমিক হিসেবে কাজে লাগানোর কথা বলা হয়েছিল।

কিন্তু, সশস্ত্র ইহুদিরা যখন নিরস্ত্র মুসলিমদের ওপর হামলা ও গণহত্যা চালাতে শুরু করলে মুসলিমরা বিভ্রান্ত হয়ে পড়ে। আরবরা দেখে, ইউরোপে নির্যাতনের শিকার যে ইহুদিদের আশ্রয় দেওয়া হয়েছে, তারাই তাদের ওপর হামলা করছে। যারা ইহুদিদের নিজের ঘরে আশ্রয় দিয়েছিল, সেই ইহুদিরাই তাদের ঘরবাড়ি-জমি দখল করে নিচ্ছে।

অভিবাসী ইহুদিদের ব্রিটিশ বাহিনীতে নেওয়া হলেও আদিবাসী ফিলিস্তিনিদের ব্রিটিশ বাহিনীতে নেওয়া হতো না। ফলে সামরিক দিক থেকে ইহুদিরা প্রতিবেশী আরবদের তুলনায় শক্তিশালী ছিল। ফলে, ১৯৪৮ সালে ইহুদিরা আরবদের গণহারে হত্যা করলে আরবরা কার্যকর প্রতিরোধ করতে পারেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়—সশস্ত্র ইহুদি গোষ্ঠী ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ইহুদিরা প্রতিবেশী নিরস্ত্র আরব ফিলিস্তিনিদের গ্রামের পর পর ধ্বংস করে দেয়। জাতিসংঘের পক্ষ থেকে ইহুদিদের জন্য রাখা ৫৫ শতাংশ ভূমিতে তারা সন্তুষ্ট থাকেনি। ইহুদিরা আরও নতুন নতুন এলাকায় আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের এলাকাগুলো দখল করতে থাকে।

পরবর্তীতে, তথা ১৯৬৭ সালে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলেও উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ও আধুনিক অস্ত্রে সজ্জিত ইহুদি ইসরায়েলিরা সহজেই আরব দেশগুলোকে পরাজিত করে।

বর্তমানে গাজা ও পশ্চিমতীরে বসবাসকারী ফিলিস্তিনিদের বেশিরভাগই শরণার্থী। অর্থাৎ, তারা সেই এলাকার আদিবাসী নন। তারা ইসরায়েলের ভেতরের গ্রাম-শহরগুলোর বাসিন্দা ছিলেন।

ফিলিস্তিন অঞ্চলে গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের মধ্য দিয়ে জন্ম নেওয়া ইসরায়েলের ভেতরে যেসব আরব শত অত্যাচার মেনেও বাড়ি ছাড়েননি তারাই এখন ইসরায়েলের প্রায় ২২ শতাংশ।

এই আরবদের ইসরায়েলি রাজনীতিকদের একটি বড় অংশ ‘শত্রু’, ‘সংকট’ ও ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে গণ্য করছেন।

ফিলিস্তিনের যে ভূখণ্ডে শত বছর আগেও যে ইহুদিরা ছিলেন হাতে গোনা আন্তর্জাতিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় তারা এখন ৭৫ শতাংশের বেশি। মূলত ইউরোপ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিন অঞ্চলে জবরদখলের মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার শুরু করে।

শুধু তাই নয়, পরবর্তীতে সেই ইউরোপীয় ইহুদিরা বর্ণ-মতাদর্শ নির্বিশেষে ইসরায়েলে বসবাসকারী সব ইহুদির ওপর তাদের আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে আরও জানা যায়—ইসরায়েলের ইহুদিরা আশকানাজি (ইউরোপীয়), মাজরাহি (অ-ইউরোপীয়), ধর্মনিরপেক্ষ, জায়নবাদী (ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করেন যারা) ও অ-জায়নবাদী (ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করেন যারা)—এমন বহুধা ভাগে বিভক্ত হয়ে আছেন। তাদেরকে ঐক্যবদ্ধ রাখা খুবই জটিল কাজ।

এর সঙ্গে যুক্ত হয়েছে, দলমত নির্বিশেষে ইহুদিদের আরববিদ্বেষ।

ইসরায়েলে সব ধরনের সরকারি সুবিধা নিয়ে বসবাসকারী ইহুদিদের একটি অংশ এটাও মনে করেন যে, তাদের মসিহ এসে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। তাই, বর্তমানের ইসরায়েল রাষ্ট্রটি অবৈধ।

এই প্রতিবেদন তৈরির সময় অর্থাৎ, গত ১৩ নভেম্বর ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়—গাদি আইসেনকট অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরবদের বিরুদ্ধে ‘সংঘাতময় ও বর্ণবাদী’ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা আইসেনকট নিজেও ইসরায়েলের ভেতরে থাকা আরবদের নিয়ে সরকার না গড়ার কথা বহুবার জানিয়েছেন। অর্থাৎ, তার অবস্থানও আরবদের বিরুদ্ধে।

এখন আইসেনকট বলছেন: আরবরা ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি। তারা ‘ইসরায়েলের অংশ’ বলেও মন্তব্য করেন নেতানিয়াহুর একসময়ের ঘনিষ্ঠ এই সাবেক সেনাপ্রধান। এই ব্যক্তি গাজা গণহত্যা চালাতে নেতানিয়াহুকে সহযোগিতা করেছিলেন। বেসামরিক স্থাপনায় মাত্রাতিরিক্ত হামলার প্রবক্তা হিসেবে তাকে গণ্য করা হয়।

কয়েকদিন আগে ইসরায়েলি সংবাদমাধ্যম থেকে জানা যায়: হাইফার এক ইহুদি ধর্মীয়নেতা র‌্যাবাই গেদালিয়া আক্সেলরড বলেছেন, যেসব ইহুদি আরব দলগুলোকে নিয়ে সরকার গড়বে তাদেরকে ‘হত্যা’ করা হবে।

এর আগে ১৯৯৫ সালের নভেম্বরে এমন এক ধর্মীয় নির্দেশনার ভিত্তিতে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে হত্যা করা হয়েছিল। কারণ, তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে হাত মিলিয়েছিলেন। পরে, ইসরায়েলের উগ্র ডানপন্থি সরকারগুলো স্বাধীন ফিলিস্তিনের ভাবনাকে ২০ বাও পানির নিচে ঠেলে দেয়।

এমন বাস্তবতায় ইসরায়েলের আইনসভা নেসেটে ১১ আসন পাওয়া আরব দলগুলোর জোট আরব জয়েন্ট লিস্টের অন্যতম নেতা আহমাদ তিবি দাবি করেছেন যে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ নাতান ইশেল আরবদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে তার সঙ্গে যোগাযোগ করছেন।

গত ১৪ নভেম্বর ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আরব নেতার দাবি, নেতানিয়াহু প্রকাশ্যে যতই আরববিরোধী কথা বলুক না কেন, তিনি এখন নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গোপনে বিজয়ী আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

আহমাদ তিবি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভকে বলেন, ‘এই ভণ্ড মানুষটি নেসেট নির্বাচনের এক সপ্তাহ আগে আমার কাছে তার ব্যক্তিগত পরামর্শককে পাঠিয়েছিলেন, নির্বাচনের পরেও পাঠিয়েছিলেন। নির্বাচনের ফল প্রকাশের পর আবারও পাঠিয়েছিলেন।’

অপর আরব দল রা’ম ৮ আসন পাওয়ায় নেসেটে আরব দলগুলোর মোট আসন ১৯টি।

অর্থাৎ, ইসরায়েলের রাজনীতিতে আরবরা এখন নিখাদ বাস্তবতা। যদিও, প্রতিদিন ইসরায়েলে দারিদ্রক্লিষ্ট আরবরা নানা ধরনের রাষ্ট্রীয় নির্যাতনের মুখে পড়ছেন। এমনকি, আরব সমাজে বিশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিনই আরবদের হাতে আরবরা খুন হচ্ছেন।

বিশ্লেষকদের অনেকের ভাষ্য: ইসরায়েলের বর্তমান মানচিত্রের ভেতর বসবাস করা আরব-ফিলিস্তিনিদের ইহুদি ইসরায়েলিদের একটি বড় অংশ এতই ঘৃণা করে যে, তারা তাদেরকে ‘মানুষ’ বলে গণ্য করে না। তাই গত ৭৮ বছর ধরে নানান আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলকে ‘আরব-শূন্য’ করার চেষ্টা চলছে।

তবে ইসরায়েল রাষ্ট্রে বহু মতাদর্শে বিভক্ত উগ্র জায়নবাদী ইহুদি রাজনীতিকরা একদিকে প্রকাশ্যে যেমন ‘ঐকমত্যের সরকার’ গড়ার চেষ্টা করছেন; অন্যদিকে, গোপনে তাদের একটি অংশ (বেনিয়ামিন নেতানিয়াহুর দল) আরবদের সমর্থন খুঁজছেন ক্ষমতায় টিকে থাকার জন্য এবং অন্য একটি অংশ (গাদি আইসেনকট) আরবদের সমর্থন খুঁজছেন ‘নতুন সরকার’ গড়তে।

গাজা-গণহত্যা পরবর্তী ইসরায়েলে জায়নবাদী ইহুদি দলগুলো একক বা জোটগতভাবে সরকার গড়ার জন্য পর্যাপ্ত আসন না পাওয়ায় তারা গোপনে তাদের প্রধান শত্রু আরবদের দ্বারস্থ হচ্ছে বলেও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে।

ইতিহাসের নির্মম পরিহাস: যে আরবদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র গড়ে তোলা হয়, সেই রাষ্ট্রের ভেতরে মাটি আঁকড়ে থেকে যাওয়া আরব পরিবারগুলোই আজ তাদের নাকবা-পরবর্তী জীবনে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ‘গুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছে।

ফিরে আসা যাক সেই জলপাই গাছ প্রসঙ্গে। বিশ্লেষকদের অনেকের মতে, জলবায়ু-সহিষ্ণু জলপাই গাছের মতো শত প্রতিকূলতার মধ্যেও ইসরায়েলের বর্তমান সীমানার ভেতরে আরবরা প্রায় এক শতাব্দী ধরে শুধু টিকেই থাকেনি, তারা এখন শত-বিভক্ত ইহুদি রাজনীতির বেড়াজালে আবদ্ধ ইসরায়েলের ‘উদ্ধারকর্তা’ হিসেবে আবির্ভূত হয়েছে।

ইহুদি বর্ণবাদের ধ্বজাধারী ইসরায়েলের এই বাস্তবতাকে অনেকে দেশটির ‘কূল রাখি না শ্যাম’—দশা বলেও মন্তব্য করছেন।

সারাবিশ্ব ফিলিস্তিনের সশস্ত্র দল হামাসকে নিয়ে যতটা সোচ্চার, তারা ইহুদি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্পর্কে যেন ততটাই নীরব। আর তাই বুঝি ইসরায়েলের আরবদের এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হলো। এবার তারা তাদের সেই সিদ্ধান্ত জানালেন ভোটের বাক্সে।

গাজা গণহত্যার পর ব্রিটেন-ফ্রান্স-স্পেনসহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তাতে ফিলিস্তিনিদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। আন্তর্জাতিক আদালত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধ হয়নি।

ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ বাসিন্দা ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করলেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সরকার ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। এমনকি, মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ইসরায়েলকে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেও, তা ‘লোক দেখানো’ বলে মনে করছেন অনেকে।

তবে বাস্তবতা হচ্ছে—ইসরায়েলের ভূখণ্ডে টিকে যাওয়া আরব জনগোষ্ঠী এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, তাদেরকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য ‘হুমকি’ হিসেবে গণ্য করতে শুরু করেছে দেশটির সব ইহুদিবাদী দল।

ইহুদিদের একটি অংশ মনে করে—‘সাগর ও আরব কখনই বদলায় না’। তাদের মতে, আরবদের সঙ্গে হাত মেলালে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেননা, সময়ের বিবর্তনে ইহুদিদের একটি বড় অংশ আজকের ফিলিস্তিনিদের সঙ্গে মিশে গেছে।

আজকের ফিলিস্তিনিরাও জানেন যে, যে সেমেটিক রক্তের দাবি তুলে ইহুদিরা আজ আলাদা আবাসভূমির দাবি করছে, সেই সেমেটিক রক্ত ফিলিস্তিনিদের ধমনীতেও প্রবাহমান। আরবরা যেন সেই ‘জলপাই’ গাছ, যে গাছ শত বৈরী পরিবেশেও বিলীন হওয়ার নয়।

RELATED ARTICLES

Most Popular