ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে অংশ নিতে যাচ্ছে ৫০টি বিশ্ববিদ্যালয় দল। ২০২৩ সালে ৩২টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতি বছরই অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ছে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। ৫০টি দলকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। এর মধ্যে ঢাকায় ৩২টি দল, চট্টগ্রামে ১০টি এবং রাজশাহী ও খুলনায় চারটি করে দল অংশ নেবে। দেশের চারটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাইপর্বের ম্যাচ। এরপর আট গ্রুপের চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটির সহযোগিতায় থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রচার সহযোগী হিসেবে থাকছে এটিএন বাংলা।
গত ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে চলে দল নিবন্ধন কার্যক্রম। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭৭টি আবেদন জমা পড়ে। আয়োজকদের মতে, এই সংখ্যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতাটি নিয়ে ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর হবে চট্টগ্রাম অঞ্চলের বাছাইপর্ব। পরে ২ ডিসেম্বর রাজশাহী এবং ৪ ডিসেম্বর খুলনায় হবে ম্যাচ। আর ঢাকা অঞ্চলের বাছাইয়ের খেলা চলবে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আটটি গ্রুপ সেরা দলকে নিয়ে এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা প্রাইজমানি। রানার্সআপ দলের জন্য থাকছে তিন লাখ টাকা।
ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম আয়োজকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘ফুটবল একটি সুন্দর খেলা। আশা করি, এটি আপনাদের হাতেই থাকবে। বাফুফে যেকোনোভাবে সহযোগিতা করতে পারবে সেই আশ্বাস আমি দিচ্ছি।’
২০২৩ সালে ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় আসরে ৪২টি দল অংশ নেয় এবং শিরোপা জেতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত আসরে ৪৬টি দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন চুন্নু, টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। সাবেক ফিফা রেফারি আজাদ রহমান ড্র পরিচালনা করেন। আয়োজনটি সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
