Homeশিক্ষাএইচএসসি পুনর্নিরীক্ষায় ৫৫৪৮ ফেল থেকে পাস, ১৬২০ জিপিএ-৫

এইচএসসি পুনর্নিরীক্ষায় ৫৫৪৮ ফেল থেকে পাস, ১৬২০ জিপিএ-৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।

আজ সোমবার বিকেলে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরে শিক্ষা বোর্ডগুলো সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে।

১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করা ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের মধ্যে এ হার ৭ দশমিক ৯৫ শতাংশ।

এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি।

ফেল থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ১৮২ জন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের, ২ হাজার ২২৪ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং ১৪২ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের।

ফেল থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর সংখ্যাই প্রায় ৪০ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাস করা শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে, ৬৫৪ জন। এরপর রয়েছে ঢাকা বোর্ডে ৫৯২, কুমিল্লায় ৫০৭, দিনাজপুরে ৪৭৮ ও যশোরে ৩৫৭ জন।

নতুন করে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৬২০ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪১১ জন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের, ১৭১ জন মাদ্রাসা বোর্ডের এবং ৩৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৪৬৫ জন। এরপর রয়েছে ময়মনসিংহে ২৭৪ ও যশোরে ১৬৩ জন।

ফল পরিবর্তনের মোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড, ৫ হাজার ৮৫৩ জন। এরপর কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ এবং ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৬৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

তবে আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে, ১৪ দশমিক ১৪ শতাংশ। এরপর রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ দশমিক ২৩ শতাংশ ও কুমিল্লা বোর্ডে ১১ দশমিক ১৭ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৯ হাজার ৭১০ জনের ফল পরিবর্তন হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ সংখ্যা যথাক্রমে ২ হাজার ৩০৭ ও ১ হাজার ১২৮।

RELATED ARTICLES

Most Popular