শিশুদের চলচ্চিত্র ও কার্টুনে ভালো-মন্দের চিত্র কেমন হওয়া উচিত? সেখানে কি নায়ক ও খলনায়কের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা দরকার, নাকি মানুষের আচরণের পেছনের কারণ ও পরিস্থিতিও শিশুদের বোঝানো উচিত?
এমন প্রশ্ন সামনে রেখে ‘এই সংসদ ঘিবলি অপটিমিজমের তুলনায় ডিজনি অপটিমিজমকে অধিকতর সমর্থন করে’ প্রস্তাবে বিতর্কে অংশ নেয় সাফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ডিবেট ক্লাব (এসএসএসিডিসি) ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিবেট অরগানাইজেশন (এসসিপিএসসিডিও)।
আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার এ আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অরগানাইজেশন (জেইউডিও)।
ডিজনির চলচ্চিত্র ও কার্টুনে সাধারণত নায়ক ও খলনায়কের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকে। গল্পের শেষে ভালো চরিত্রের জয় হয়। অন্যদিকে, জাপানের অ্যানিমেশন স্টুডিও ঘিবলির স্পিরিটেড অ্যাওয়ে ও প্রিন্সেস মনোনোকের মতো চলচ্চিত্রে চরিত্রগুলোকে শুধু ভালো বা মন্দ হিসেবে দেখানো হয় না। বরং তাদের আচরণের পেছনের কারণ ও পরিস্থিতিও তুলে ধরা হয়।
প্রস্তাবের পক্ষে বক্তব্যে সাফিউদ্দিন সরকার একাডেমির এক বক্তা বলেন, তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুরা কোনো চরিত্রের খারাপ কাজের পেছনের জটিল কারণ বোঝার মতো মানসিক পরিপক্বতা অর্জন করে না। খলনায়কের অতীতের কষ্ট বা প্রতিকূল পরিস্থিতি তুলে ধরে তার অন্যায় কাজের ব্যাখ্যা দেওয়া হলে শিশুরা ভালো-মন্দের পার্থক্য বুঝতে বিভ্রান্ত হতে পারে। এতে তারা কাকে আদর্শ হিসেবে অনুসরণ করবে, তা নিয়েও দ্বিধায় পড়তে পারে।
বক্তা বলেন, ডিজনির গল্প শিশুদের ছোটবেলা থেকেই ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের পরিণতি সম্পর্কে ধারণা দেয়।
সরকারি দলের আরেক বক্তা বলেন, সাত থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের মূলত ডিজনি-ধারার কার্টুন দেখানো উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ঘটলে ঘিবলির মতো জটিল গল্পের সঙ্গে পরিচয় করানো যেতে পারে।
দারিদ্র্য বা ব্যক্তিগত দুর্দশার কারণে অপরাধের ব্যাখ্যা দেওয়া হলে শিশুরা অন্যায় কাজকে গ্রহণযোগ্য মনে করতে পারে বলে যুক্তি দেন তিনি। পরিস্থিতি যা-ই হোক, অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে শেখানো জরুরি বলে মন্তব্য করেন বক্তা।
স্পাইডারম্যান ও সুপারম্যানের উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা চরিত্রগুলো শিশুদের জন্য ভালো আদর্শ হতে পারে।
অন্যদিকে, প্রস্তাবের বিরোধিতা করে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক বক্তা বলেন, নায়ক ও খলনায়কের মধ্যে ডিজনির স্পষ্ট বিভাজন শিশুদের একপেশে চিন্তাভাবনায় অভ্যস্ত করতে পারে।
তিনি বলেন, মানুষের আচরণের পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক পরিস্থিতির প্রভাব থাকে। তাই কাউকে শুধু ভালো বা মন্দ হিসেবে চিহ্নিত না করে তার আচরণের কারণ বোঝার চেষ্টা করা উচিত। এতে শিশুদের মধ্যে সহমর্মিতা তৈরি হবে এবং তারা সমস্যার মূল কারণ খুঁজতে শিখবে।
নায়ক বা বীরের পরিচয় যে দৃষ্টিভঙ্গিভেদে ভিন্ন হতে পারে, তা বোঝাতে বক্তা মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের উদাহরণ দেন। বাংলাদেশে তিনি জাতীয় বীর হিসেবে স্বীকৃত হলেও পাকিস্তানে তাকে ভিন্নভাবে দেখা হয়েছিল বলে উল্লেখ করেন বক্তা। তাই মানুষকে একাধিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
বিরোধী দলের আরেক বক্তা বলেন, ভালো-মন্দের পার্থক্য বুঝতে শিশুদের জটিল রাজনৈতিক বিষয় জানার প্রয়োজন নেই। তবে কোনো চরিত্রকে নায়ক হিসেবে দেখানো হলেই তার সব কাজকে সঠিক মনে করা উচিত নয়। বরং চরিত্রগুলোর কাজ নিয়ে প্রশ্ন করতে শেখানো প্রয়োজন।
ক্ষুধার কারণে খাবার চুরি করা একজন দরিদ্র মানুষের উদাহরণ দিয়ে তিনি বলেন, শুধু ওই ব্যক্তিকে শাস্তি না দিয়ে কেন তিনি চুরি করতে বাধ্য হয়েছেন, সেই কারণ খুঁজে দেখা জরুরি। মানুষের পরিস্থিতি বোঝার অর্থ তার অন্যায়কে সমর্থন করা নয় বলেও মন্তব্য করেন তিনি।
ঘিবলির গল্প শিশুদের মানুষের কাজের পেছনের কারণ ও তার পরিণতি নিয়ে ভাবতে শেখায়। এতে তারা নিজেরা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে এবং পক্ষপাত থেকে দূরে থাকতে শেখে বলে যোগ করেন বক্তা।
বিতর্কে সরকারি দল শিশুদের নৈতিক শিক্ষা দিতে ভালো-মন্দের স্পষ্ট পার্থক্যের ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিরোধী দল মানুষের আচরণের পেছনের কারণ বোঝা, সহমর্মিতা ও নিজস্ব বিচারবোধ গড়ে তোলার পক্ষে যুক্তি তুলে ধরে।
চার দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করে জেইউডিও। ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
