Homeসারাদেশএলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে বাংলাদেশ ও নেপালকে তিন বছর প্রস্তুতির সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। গুরুত্বপূর্ণ খাতগুলোতে বড় ধরনের সংস্কার বাস্তবায়নের জন্য আরও সময় চেয়ে দুই দেশের সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিউইয়র্কে ইউএনজিএর ৮১তম অধিবেশনে এ সিদ্ধান্ত আসে। এ বছর ক্ষমতা গ্রহণের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গত ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (ইউএনসিডিপি) কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছিল।

ইউএনসিডিপির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাধারণ পরিষদে পাঠায়।

জাতিসংঘের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সংঘাত এবং এর ফলে আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের কারণে অনিশ্চিত মাত্রার ঝুঁকি বেড়ে যাওয়ায় বাংলাদেশ গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। বৈশ্বিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা, বহির্বিশ্বের ধাক্কার দীর্ঘস্থায়ী প্রভাব ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশটিকে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত তিন বছরের প্রস্তুতিকাল দেওয়া হয়েছে।

জাতিসংঘ আরও উল্লেখ করেছে, ইউএনসিডিপির মতে, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলকে বর্তমান উত্তরণ কাঠামোয় সময় বাড়ানোর কারণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। তবে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের জটিলতা ও বিশেষ বৈশিষ্ট্য বিবেচনার দাবি রাখে। জাতিসংঘ বলেছে, অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় বাইরের ধাক্কার প্রভাব আরও বাড়িয়ে তোলে এবং সেগুলো মোকাবিলায় সরকারের সক্ষমতাকেও প্রভাবিত করে।

প্রস্তাবে বাংলাদেশকে অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া ও বর্ধিত সময়ে সেগুলোর বাস্তবায়ন অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘের সহায়তায় এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে জাতীয় মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে। এ কৌশল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সিডিপির কাছে বার্ষিক প্রতিবেদনে নিয়মিত হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে বাংলাদেশকে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সম্প্রতি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের আবেদন নিয়ে আলোচনা হয়েছে। জি-৭৭ দেশগুলো এ আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) বাংলাদেশের অনুরোধের পক্ষে অবস্থান নিয়েছে।

এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানিপণ্যে গড়ে ১২ দশমিক ৫০ শতাংশ শুল্ক আরোপ হতো। এ সিদ্ধান্তের ফলে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত প্রধান রপ্তানি গন্তব্যগুলোতে শুল্কমুক্ত বাজারসুবিধা ভোগ করবে বাংলাদেশ।

বর্তমানে এলডিসি হিসেবে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকেরা ৩৮টি দেশ ও বাণিজ্য জোটে শুল্কমুক্ত বাজারসুবিধা পান। অন্যদিকে, দেশের মোট রপ্তানির ৭৩ শতাংশ এলডিসি-সংশ্লিষ্ট বিশেষ বাণিজ্যসুবিধার আওতায় রয়েছে।

ইউএনসিডিপির দুই দফা ত্রিবার্ষিক পর্যালোচনায় ২০১৮ সালের পর দুইবার তিনটি মানদণ্ড—মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক (এইচএআই) এবং অর্থনৈতিক ঝুঁকিপ্রবণতা সূচক (ইভিআই) পূরণ করায় এ বছর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা ছিল। এর আগে কোভিড পরিস্থিতিতে দুই বছরের বাড়তি সময় পেয়েছিল।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ত্রিবার্ষিক পর্যালোচনায় এলডিসিভুক্ত দেশগুলোর মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) নির্ধারণের সীমা ছিল ১ হাজার ৩০৭ ডলার। অন্যদিকে, বাংলাদেশের মাথাপিছু জিএনআই ছিল ২ হাজার ৬৮৪ ডলার।

এলডিসিভুক্ত দেশগুলোর জন্য এইচএআইয়ের নির্ধারিত সীমা ছিল ৫৯ দশমিক ৬, যেখানে বাংলাদেশের অর্জিত স্কোর ৭৭ দশমিক ৫। একইভাবে, ইভিআইয়ের নির্ধারিত সীমা ছিল ৪০ দশমিক ৬, আর বাংলাদেশের স্কোর ছিল ২১ দশমিক ৯।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করছে শুধু আন্তর্জাতিক প্রক্রিয়ার কারণে নয়, বরং উত্তরণ আমাদের জনগণের আকাঙ্ক্ষা। এটি একটি জাতীয় অপরিহার্যতা এবং আমাদের সরকার এ লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।’

RELATED ARTICLES

Most Popular